Thursday, October 15, 2026
বাড়ি জাতীয় ‘কেউ আমাদের ধমকাতে পারে না’, রাহুলের আচরণে ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট

‘কেউ আমাদের ধমকাতে পারে না’, রাহুলের আচরণে ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট

‘কেউ আমাদের ধমকাতে পারে না’, রাহুলের আচরণে ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৫ অক্টোবর :  কেউ আমাদের ধমকাতে পারে না! নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণে ক্ষোভপ্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিরোধী দলনেতা যেভাবে হাজার হাজার সমর্থককে নিয়ে সুপ্রিম কোর্ট অভিযান করেছিলেন, সেই কাণ্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন’ হিসাবে দেগে দিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিলেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর মামলার ভিত্তিতে নাম না করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে দিল, এই ধরনের আচরণে কেউ প্রভাবিত হয় না। কেউ গুরুত্বও দেয় না।


গত সোমবার ইন্ডি জোটের শরিকদের সমর্থনে সুপ্রিম কোর্টকে লক্ষ্য করে মহা মিছিলের আয়োজন করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী । বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়ার দাবি, “এভাবে রাজনীতির স্বার্থে বিচারব্যবস্থাকে নিশানা করা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। যেটা হয়েছে সেটা হওয়া উচিত ছিল না।” গৌরবের সেই দাবির প্রেক্ষিতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত বলে দেন, “কেউ বিচারব্যবস্থাকে ভয় দেখাতে পারবে না।”


নাম না করে কড়া ভাষায় বিরোধী দলনেতাকে তিরস্কার করে ডিভিশন বেঞ্চ বলে, “এসবই বিচারব্যবস্থাকে প্রভাবিত করার ব্যর্থ অপচেষ্টা। আদালতের বাইরে অনেকে অনেক কথা বলে। আমরা সব জানি, কোথায় কী হচ্ছে। আমরা কেউ গজমিনারে বসে নেই।” কেন এভাবে সুপ্রিম কোর্টকে টার্গেট করে মিছিল? ব্যাখ্যা চেয়ে রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ ইন্ডি জোটের নেতাদের নোটিসও পাঠিয়েছে শীর্ষ আদালত।


সোমবার মহামিছিল থেকে রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ ১১ জন বিরোধী নেতা এসআইআরে স্থগিতাদেশ, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্ত-সহ বেশি কয়েকটি দাবিতে মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে এদিন নির্বাচন কমিশন এবং কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। তবে নোটিস পাঠালেও শীর্ষ আদালত সাফ বলে দিচ্ছে, কমিশনকে নোটিস পাঠানোর অর্থ এই নয় যে একজন নেতার আচরণ ক্ষমা করে দেওয়া হয়েছে। পরের শুনানিতে ওই নেতাকে আচরণের ব্যাখ্যা দিতে হবে।


এদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে হেনস্তারও অভিযোগ উঠেছে। সেই নিয়ে আদালতকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন গৌরব ভাটিয়া। যদিও শীর্ষ আদালত বিজেপি নেতাকে এ নিয়ে আলাদা করে আর্জি দাখিলের নির্দেশ দিয়েছেন। আলাদা করা আর্জি দাখিল করলে আদালত বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha