Wednesday, October 7, 2026
বাড়ি জাতীয় ‘উই উইল ডু ইট’, ২৫ বছর পূর্তিতে বিকশিত ভারতের লক্ষ্য বেঁধে স্লোগান প্রধানমন্ত্রী মোদির

‘উই উইল ডু ইট’, ২৫ বছর পূর্তিতে বিকশিত ভারতের লক্ষ্য বেঁধে স্লোগান প্রধানমন্ত্রী মোদির

‘উই উইল ডু ইট’, ২৫ বছর পূর্তিতে বিকশিত ভারতের লক্ষ্য বেঁধে স্লোগান প্রধানমন্ত্রী মোদির

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর :  দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পার করেছেন নরেন্দ্র মোদি । সেই উপলক্ষে দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগামী ভারতের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। জানালেন, “২০৪৭ সালের মধ্যে ভারত এক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্য আমরা অর্জন করবই।” আত্মবিশ্বাসের সঙ্গে তিনি স্লোগান দেন, ‘উই উইল ডু ইট।’ অর্থাৎ, ‘আমরা এটা করে দেখাবোই।’ তাঁর ভাষণে উঠে আসে বিকশিত ভারত, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলি।


বুধবার ‘উন্নত ভারত সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেই, তখন কল্পনাও করিনি যে একদিন প্রধানমন্ত্রী হব। এবং টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে এই মাইলফলক ছোঁব। দেশের মানুষের ভালোবাসার জন্যই এটা সফল হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” মোদি আরও বলেন, “আমার জীবনে কোনও ঘটনাই বৃথা যায়নি। যারা আমায় জিতিয়েছেন, “তাঁরা বিনয়ী হতে শিখিয়েছেন। যারা হারিয়েছেন, তাঁরা ফের উঠে দাঁড়াতে শিখিয়েছেন। শুভাকাঙ্খীরা উৎসাহিত করেছেন, আর সমালোচকরা আত্মসমালোচনার সুযোগ দিয়েছেন। প্রতিটি সংকটে ধৈর্যের পরীক্ষা দিয়েছি। প্রতিটি সাফল্য দায়িত্ব বাড়িয়েছে, আরও বড় লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে।”


এদিনের ভাষণে দেশের উন্নতির পথে ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দেন মোদি। যেগুলি হল, ১. ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত। স্বাধীনতার ১০০ বছরে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। ২. বিশ্বের সেরা তিন অর্থনীতির দেশে পরিণত করা হবে ভারতকে। ৩. আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করে তোলা। ৪. ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা। উৎপাদন শিল্পে ভারত হয়ে উঠবে বিশ্বের প্রধান কেন্দ্র। ৫. মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের আধিপত্য আরও মজবুত করা এবং ৬. ভারতে বিশ্বমানের অলিম্পিক গেমস আয়োজন।


প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল স্বামী বিবেকানন্দের কথাও। মোদি বলেন, ‘আজ বিনায়ক মন্দিরে দেশবাসীর জন্য প্রার্থনা করেছি। কোটি কোটি দেশবাসীর আস্থা ও কর্মীদের পরিশ্রমের ফল। ২৫ বছরে অভিজ্ঞতার ঝুলি সম্পূর্ণ।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সবসময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha