Wednesday, October 7, 2026
বাড়ি জাতীয় জাতির উদ্দেশে ভাষণে নাম না করে পাকিস্তানকে বার্তা মোদির

জাতির উদ্দেশে ভাষণে নাম না করে পাকিস্তানকে বার্তা মোদির

জাতির উদ্দেশে ভাষণে নাম না করে পাকিস্তানকে বার্তা মোদির

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর :   প্রশাসক হিসেবে ২৫ বছর পুরণ করে শক্তিশালী ভারতের ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জাতির উদ্দেশে ভাষণে একদিকে যেমন বিকশিত ভারত ও উন্নত রাষ্ট্রের লক্ষ্য বেঁধে দিলেন, তেমনই ৩৭০ ধারা প্রত্যাহার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্পষ্ট করলেন। তাঁর গলায় উঠে এল মাওবাদ মুক্ত ভারতের কথা। নাম না করে পাকিস্তানকে  আবারও সার্জিক্যাল স্ট্রাইক থেকে অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দেন মোদি। বলেন, ঘর মে ঘুসকে মারা।


বুধবার দিল্লিতে ‘উন্নত ভারত সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ ৩৭০ ধারা অতীত হয়েছে। নকশালদের কোমর ভেঙে গিয়েছে।” অতীতের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘একটা সময় সন্ত্রাসীরা নির্ভয়ে দেশে ঘুরে বেড়াত। একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও কোনও সুরাহা ছিল না। মানুষ ধরেই নিয়েছিল এর সমাধান নেই। তবে এখন সময় বদলে গিয়েছে। জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। এখন এক শক্তিশালী ভারত দেখছে বিশ্ব। যেখানে আমরা ঘরে ঢুকে মেরেছি। নতুন ভারতে সন্ত্রাসের কোনও জায়গা নেই।’ কারও নাম না নিলেও এই বার্তা যে পাকিস্তানের উদ্দেশে তা বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী আরও বলেন, “আগে বিশ্বে কোথাও সংকট এলে দেশের অর্থনীতি ভেঙে পড়ত। কিন্তু এখন সময় বদলে গিয়েছে।”


এদিনের ভাষণে দেশের উন্নতির পথে ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দেন মোদি। যেগুলি হল, ১. ২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত। স্বাধীনতার ১০০ বছরে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করা। ২. বিশ্বের সেরা তিন অর্থনীতির দেশে পরিণত করা হবে ভারতকে। ৩. আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিটি ক্ষেত্রে দেশকে স্বাবলম্বী করে তোলা। ৪. ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা। উৎপাদন শিল্পে ভারত হয়ে উঠবে বিশ্বের প্রধান কেন্দ্র। ৫. মহাকাশ গবেষণা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের আধিপত্য আরও মজবুত করা এবং ৬. ভারতে বিশ্বমানের অলিম্পিক গেমস আয়োজন।


প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল স্বামী বিবেকানন্দের কথাও। মোদি বলেন, ‘আজ বিনায়ক মন্দিরে দেশবাসীর জন্য প্রার্থনা করেছি। কোটি কোটি দেশবাসীর আস্থা ও কর্মীদের পরিশ্রমের ফল। ২৫ বছরে অভিজ্ঞতার ঝুলি সম্পূর্ণ।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের সেবায় নিজেকে কখনও একা বলে মনে হয়নি। সবসময় কর্মীদের পাশে পেয়েছি। প্রত্যেক ঘটনা থেকে শিক্ষা পেয়েছি। আমি নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি। কর্মই আমার ধর্ম।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha