স্যন্দন ডিজিটেল ডেস্ক, অক্টোবর ১ : সামনে দুর্গাপুজো, নবরাত্রি, কালীপুজো-দিওয়ালি। গোটা দেশে উৎসবের মরশুম। তার ঠিক আগে আগে আমজনতার পকেটে টান। নতুন মাসের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম । এবার সিলিন্ডার প্রতি আরও ৬২-৭৯ টাকা দাম বাড়ল। জুনের পর অক্টোবরের শুরুতে ফের মূল্যবৃদ্ধি।
মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ২৯৮২ টাকা। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৮১০ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ২ হাজার ৭৪৭ টাকা। চেন্নাইয়ে নয়া দাম দাঁড়াচ্ছে ২ হাজার ৯১৬ টাকা। বৃহস্পতিবার থেকেই নয়া দাম কার্যকর হবে। তবে আমজনতার জন্য স্বস্তির খবর হল, এই আবহেও গৃহস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি।
মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাস। লাগাতার মূল্যবৃদ্ধির ফলে হোটেল, রেস্তরাঁ খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উৎসবের মরশুমে হোটেল-রেস্তরাঁয় খেতে বাড়তি রেস্ত লাগবে আমজনতার। বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তুল্যমূল্য বিচার করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোলিয়াম পণ্যের দাম নিয়ন্ত্রণ করে থাকে। এই মুহূর্তে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি। যার প্রভাব এবার বাণিজ্যিক গ্যাসে পড়ল।
তবে এসবের মধ্যে স্বস্তি গৃহস্থের ব্যবহৃত গ্যাসের দাম আর নতুন করে বাড়ানো হয়নি। এপ্রিল ও মে মাসে ৯৩৯ টাকা দামে থাকার পর জুনে ২৯ টাকা বেড়ে ৯৬৮ টাকা হয়। তারপর ৩ মাস দাম বাড়েনি। অক্টোবরেও দাম বাড়ানো হল না। এখনও কলকাতাতে ৯৬৮ টাকাতেই মিলবে ১৪ কেজির সিলিন্ডার।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান