নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য দিল্লিতে বৈঠকে বসলেন বিরোধী ‘ইন্ডি’ জোটের শীর্ষ নেতারা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জোটভুক্ত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মূলত নির্বাচন কমিশনের সাম্প্রতিক কাজকর্মের নিরপেক্ষতা নিয়ে আলোচনা এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে যৌথ কৌশল নির্ধারণ করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। সূত্রের খবর, ভোটার তালিকার নিবিড় সংশোধনে বৈধ ভোটারদের নাম বাদ পড়া এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীরা উদ্বেগ প্রকাশ করেন। আগামী দিনে এই বিষয়ে একযোগে চাপ সৃষ্টি ও পরবর্তী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যেই এই আলোচনা হয়েছে।
এদিকে, ইন্ডি জোটের এই বৈঠকে গরহাজির ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "বিজেপি সরকার প্রথম দিন থেকেই এক বৈষম্যমূলক মনোভাব গ্রহণ করেছে। আদালতও একাধিকবার এই বিষয়টি নজরে এনেছে।" তিনি আরও অভিযোগ করেন, গোটা উত্তর প্রদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে 'পিডিএ' (অনগ্রসর, দলিত ও সংখ্যালঘু সমাজ)। প্রশাসনিক কাজকর্ম ও নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এই অংশের মানুষদের ক্রমাগত বঞ্চিত ও কোণঠাসা করে রেখেছে বলেই এসপি প্রধানের দাবি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান