Wednesday, September 30, 2026
বাড়ি জাতীয় দেশের যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে মোদী সরকার বদ্ধপরিকর : অমিত শাহ

দেশের যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে মোদী সরকার বদ্ধপরিকর : অমিত শাহ

দেশের যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে মোদী সরকার বদ্ধপরিকর : অমিত শাহ


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে মোদী সরকার বদ্ধপরিকর— এই বার্তা দিয়ে আরবসাগরে এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, গুজরাট এটিএস এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এক ইরানি নৌকা থেকে উদ্ধার হয়েছে ৫২৬ কেজি মেথামফেটামিন ও হেরোইন। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৩,০০০ কোটি টাকারও বেশি। অভিযান চলাকালীন নৌকাটি থেকে ৫ জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।


বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে জানান, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল-এর অন্তর্গত লাক্ষাদ্বীপ থেকে ১৬০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এবং মুম্বই থেকে ৪৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই রুদ্ধশ্বাস অভিযান চালানো হয়। প্রায় ১৬ দিন ধরে চলা ধারাবাহিক নজরদারি ও সমন্বয়ের পর মাদকবাহী ইরানি নৌকাটিকে আটক করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই মাদক পাচার চক্রের মূল শিকড় কোথায় এবং ভারতে কাদের কাছে এই মাদকের চালান পৌঁছানোর কথা ছিল, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে পারস্পরিক নিখুঁত বোঝাপড়া ও সমন্বয়ের ফলেই এই বড় সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আটক ব্যক্তিদের এবং উদ্ধার হওয়া মাদক পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha