মুম্বই, ৩০ সেপ্টেম্বর (হি.স.): আরব সাগরে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে এক বিরাট সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড। লাক্ষাদ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এক রুদ্ধশ্বাস অভিযানে একটি ইরানি বোট আটক করে প্রায় ৫২৬ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,০০০ কোটি টাকারও বেশি। ঘটনায় জড়িত সন্দেহে বোটটিতে থাকা পাঁচ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর থেকেই সমুদ্র ও আকাশপথে কড়া নজরদারি শুরু করে উপকূলরক্ষী বাহিনী। সন্দেহজনক ইরানি বোটটির গতিবিধি সার্বক্ষণিকভাবে ট্র্যাক করার পর মাঝসমুদ্রে ধাওয়া করে সেটিকে ঘিরে ফেলা হয়। বোটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫২৬ কেজি ওজনের বিপুল পরিমাণ মাদক, যার মধ্যে রয়েছে উচ্চমানের হেরোইন ও মেথামফেটামিন। আটক ইরানি বোট, বাজেয়াপ্ত মাদক এবং গ্রেফতার হওয়া পাঁচ পাকিস্তানি ক্রু সদস্যকে কড়া সশস্ত্র নিরাপত্তায় মুম্বই নিয়ে আসা হয়েছে। আন্তর্জাতিক এই মাদক চক্রের শিকড় কত দূর বিস্তৃত এবং ভারতের মূল ভূখণ্ডে এর প্রাপক কারা ছিল, তা জানতে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যৌথভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শুরু করেছে। সমুদ্রপথে মাদক অনুপ্রবেশ রুখতে এটিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান