গুয়াহাটি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : অসমের দিশপুরে সচিবালয়ের কাছে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রথম আঞ্চলিক স্বেচ্ছাসেবক বৈঠক শুরু হওয়ার ঠিক আগেই রবিবার সিজেপি-র সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং সংগঠনের বেশ কয়েকজন নেতা ও কর্মীকে হেফাজতে নেয় অসম পুলিশ।
সিজেপি নেতারা জানিয়েছেন, আশুতোষ রাঙ্কা, অঙ্কিত ভরদ্বাজ এবং প্রেম আকাশ সহ সংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি অসমের একাধিক স্বেচ্ছাসেবককে পুলিশ হেফাজতে নিয়ে কোনো অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করেছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রবিবার সকাল থেকেই পুলিশ অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল, যার ফলে পাহাড়ের ওপর নির্ধারিত সভাস্থলে স্বেচ্ছাসেবকরা পৌঁছাতে পারেননি। সংগঠনের দাবি অনুযায়ী, সমগ্র অঞ্চল থেকে প্রায় ২০০ থেকে ৩০০ জন স্বেচ্ছাসেবককে সেখানে একত্রিত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, রাইজোর দলের প্রধান তথা বিধায়ক অখিল গগৈয়ের সঙ্গে শনিবার গুয়াহাটিতে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কাসহ অন্যান্য শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়। উক্ত বৈঠকে অসমের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং রাজ্যে সিজেপি-র সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর নানা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।
পুলিশি হেফাজতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশুতোষ রাঙ্কা অভিযোগ তোলেন যে, রাজ্যের সরকারি স্কুলগুলির করুণ দশা নিয়ে তাঁদের প্রচার অভিযান জনসমক্ষে চলে আসবে—এই আশঙ্কাতেই অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান