স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (BJP) যাতে ক্ষমতা দখল করতে পারে, তা নিশ্চিত করাই নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) পরিচালনার একমাত্র উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার হুগলি জেলার শ্রীরামপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের অভ্যন্তরে সাম্প্রতিক মতপার্থক্যের খবরের প্রসঙ্গ তোলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তিনি মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার এবং কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।
জনসভায় তিনি CEC জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে উল্লেখ করেন এবং বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা বা তাঁকে সরানো না পর্যন্ত বিজেপি-বিরোধী অন্যান্য শক্তির সঙ্গে তাঁর আন্দোলন চলবে।
তিনি বলেন, “‘ভ্যানিশ কুমার’-এর কৌশল যেমন আমরা ধরে ফেলেছি, তেমনই এই অনিয়মের পিছনে যারা রয়েছে, তাদেরও আমরা চিহ্নিত করব। ‘ভ্যানিশ কুমার’-কে যেতেই হবে। তিনি না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।”
মমতা আরও বলেন, জাতীয় স্তরে বিরোধী দলগুলি জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছে। এ প্রসঙ্গে সিপিআই(এম) নেতা এম.এ. বেবির সঙ্গে তাঁর টেলিফোনে কথোপকথনের কথাও উল্লেখ করেন তিনি। মমতা বলেন, বিষয় যখন সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত, তখন তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে লড়াই করতে প্রস্তুত।
“আমাদের এই ইস্যুতে একসঙ্গে লড়াই করতে হবে,” বলেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে INDIA ব্লকের বৈঠকের প্রসঙ্গ তুলে মমতা বলেন, এই ইস্যুতে গোটা দেশ একত্রিত হচ্ছে।
তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। কে লাল, কে নীল বা কে হলুদ—তা দেখার প্রয়োজন নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। বিষয়টি যদি মানুষের হয়, তাহলে আন্দোলনে কোন দল যোগ দিচ্ছে তা দেখার প্রয়োজন নেই।”
নিজের সভাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, “পুলিশ আমার শত্রু নয়। তাদের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া। কিন্তু তারা এখন কী করছে? গত রাতে শ্রীরামপুরে আমার সভায় যাতে কেউ আসতে না পারেন, তা আটকাতে পুলিশ তৃণমূল সমর্থকদের বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করেছে।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান