Sunday, September 27, 2026
বাড়ি জাতীয় জ্ঞানেশ ইস্যুতে আগামী সপ্তাহেই দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ ইস্যুতে আগামী সপ্তাহেই দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট

জ্ঞানেশ ইস্যুতে আগামী সপ্তাহেই দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৬ :  মেলালেন তিনি মেলালেন। ফের একমঞ্চে আসতে চলেছে দেশের সব বিরোধী দল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট এবং আগামী দিনে ভোটচুরি ইস্যুতে আলোচনার লক্ষ্যে ফের দিল্লিতে বৈঠকে বসছে ইন্ডিয়া জোট।


সূত্রের দাবি, আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ফের বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা। আসলে ভোটচুরি ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য চাইছে কংগ্রেস। তবে বিরোধীদের একজোট করতে ফের প্রথম উদ্যোগটা নিয়েছেন কালীঘাট তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ অন্য বিরোধী নেতার সঙ্গেও কথা হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। রাহুল গান্ধীকে তিনি অনুরোধ জানিয়েছেন, দ্রুত দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকতে। সূত্রের দাবি, আগামী বুধবার দিল্লিতে বৈঠকে বসতে পারে ইন্ডিয়া জোট। সংসদে জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা এবং আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে।


বস্তুত বিরোধীরা ইতিমধ্যেই একবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছে। কিন্তু সেবার সেটা খারিজ হয়। সেবার ইমপিচমেন্টে উদ্যোগী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেভাবে আগ্রহ ছিল না কংগ্রেসের। এবার কংগ্রেস নিজেই উদ্যোগী। সমস্যা হল বিরোধীদের হাতে জ্ঞানেশকে সরানোর জন্য যে সংখ্যক সাংসদের প্রয়োজন, সেটা নেই। সেক্ষেত্রে আদৌ ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে নাকি অন্য কোনও পদক্ষেপ করা হবে। জ্ঞানেশের ইস্তফার দাবিতে কীভাবে পথে নেমে আন্দোলন হবে, সেসব নিয়ে আলোচনা হবে।


শোনা যাচ্ছে, আগামী দিনে ভোটচুরি ইস্যুতে দেশজুড়ে পথে নেমে আন্দোলন করতে চাইছে বিরোধীরা। আগামী দিনে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনেও এটি ইস্যু হতে পারে। সেই সঙ্গে সংসদের অন্দরে এই নিয়ে সরকারকে নিশানা করা হবে। সার্বিকভাবে হাতেগরম এই ইস্যুতে রণকৌশল কী হবে, সেটা নিয়েও আলোচনা হতে পারে বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে। ইতিমধ্যেই জোটের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে কথা বলেছেন। তাৎপর্যপূর্ণভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ খুলেছেন ইন্ডিয়া জোটের বাইরে থাকা একাধিক দলও। তাঁদের সঙ্গে সমন্বয় নিয়েও বুধবার আলোচনা হতে পারে।  


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha