Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় ঝাড়খণ্ডে দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কে ডাকাতি, ৪২ লক্ষের বেশি টাকা ও বিপুল সোনার গয়না লুট

ঝাড়খণ্ডে দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কে ডাকাতি, ৪২ লক্ষের বেশি টাকা ও বিপুল সোনার গয়না লুট

ঝাড়খণ্ডে দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কে ডাকাতি, ৪২ লক্ষের বেশি টাকা ও বিপুল সোনার গয়না লুট

পূর্ব সিংভূম, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের গোলমুড়ি থানা এলাকায় কানাড়া ব্যাঙ্কে বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। রেনকোট পরে ব্যাঙ্কে ঢুকে পাঁচ থেকে ছয়জন সশস্ত্র দুষ্কৃতী আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ব্যাঙ্ককর্মী ও নিরাপত্তারক্ষীকে নিয়ন্ত্রণে নেয়। এরপর ব্যাঙ্কের ভল্ট থেকে ৪২ লক্ষ টাকারও বেশি নগদ এবং লকারে রাখা বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে দু’টি বাইকে চড়ে পালিয়ে যায় তারা। ব্যাঙ্কের পাশাপাশি আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের গতিবিধি ধরা পড়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার সকাল সওয়া ৯টা নাগাদ বলে জানা গিয়েছে। ওই সময় ব্যাঙ্ক খুলে গিয়েছিল এবং ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। সেই সময় রেনকোট পরা দুষ্কৃতীরা ব্যাঙ্কের ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের ভয় দেখায় এবং সকলকে এক জায়গায় থাকতে বাধ্য করে। ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সন্তোষ কুমার বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে তাঁকে মারধর করে। এতে তিনি আহত হন।

এরপর দুষ্কৃতীরা ব্যাঙ্কের ম্যানেজার অজিত কুমারের কক্ষে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে নিয়ে লাকার রাখা নগদ টাকার ঘরের সামনে যায়। সেখানে ম্যানেজারকে দিয়ে দরজা খোলানোর পর নগদ ৪২ লক্ষ টাকারও বেশি টাকা নিয়ে নেয় তারা। একই সঙ্গে লকারে রাখা বিপুল পরিমাণ সোনার গয়নাও লুট করে দুষ্কৃতীরা। কয়েক মিনিটের মধ্যেই ডাকাতি শেষ করে দু’টি বাইকে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। গ্রামীণ এসপি শুভম খণ্ডেলওয়াল, ডিএসপি সুমিত কুমার-সহ একাধিক থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ব্যাঙ্কের ভিতর ও আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দুষ্কৃতীদের ব্যাঙ্ক থেকে বেরিয়ে বাইকে করে পালিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের ধরতে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহনে তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha