নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): লালকেল্লা থেকে দেশবাসীকে বড় স্বপ্ন দেখতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘২০৪৭-এ স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে বিকশিত ভারত হবেই।’ একই সঙ্গে তিনি বলে দিলেন, ‘এখন আর ছোট স্বপ্ন দেখার সময় নয়। বড় স্বপ্ন দেখুন। বড় প্রতিজ্ঞা করুন।’ লালকেল্লা থেকে আত্মনির্ভর ভারতের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থ নিজেদের রক্ষা করতে হয়। অন্যের উপরে ভরসা করে দেশ গড়া যায় না।’ তিনি বলেন, আত্মনির্ভরতাই ভারতকে বিকশিত হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। ক্যাপ্টেন সোনিয়া সিং চৌহান জাতীয় পতাকা উত্তোলনে প্রধানমন্ত্রীকে সহায়তা করেন। বন্দে মাতরমে মুখরিত হয়ে ওঠে গোটা লালকেল্লা চত্বর। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে ২১টি তোপধ্বনি দেওয়া হয়। এরপর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যের শুরুতেই স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই স্বাধীনতা দিবসে আমি বাপু এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটি একটি ঐতিহাসিক দিন। স্বাধীনতার পর এই প্রথম লালকেল্লার প্রাকার থেকে 'বন্দে মাতরম' ধ্বনি প্রতিধ্বনিত হলো।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা সবাই ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। প্রতিটি হৃদয়ে 'বন্দে মাতরম'-এর ধ্বনি অনুরণিত হচ্ছে। আজ প্রতিটি ঘরে তেরঙা পতাকা উড়ছে এবং তা প্রতিটি মানুষের মনে বিরাজ করছে; নতুন সংকল্প নিয়ে দেশ উদ্দীপনা ও উৎসাহের সঙ্গে এগিয়ে চলেছে।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত কয়েক দিনে দেশের কিছু অংশে বন্যা হয়েছে, যার ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করছি, পুরো দেশ তাদের পাশে রয়েছে।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "এখন ভারতের সামনে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত রাষ্ট্রে পরিণত হওয়ার বড় স্বপ্ন রয়েছে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ যখন বিকশিত রাষ্ট্র হওয়ার সংকল্প নেয়, তখন তা আমাদের সাহসিকতারই পরিচয় বহন করে এবং বিশ্ব আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে বাধ্য হয়।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান