Tuesday, August 11, 2026
বাড়ি জাতীয় ঝাড়খণ্ডে ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, সংসদ চত্বরে এনডিএ সাংসদদের বিক্ষোভ

ঝাড়খণ্ডে ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, সংসদ চত্বরে এনডিএ সাংসদদের বিক্ষোভ

ঝাড়খণ্ডে ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, সংসদ চত্বরে এনডিএ সাংসদদের বিক্ষোভ

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ এবং সংসদে চলতে থাকা অচলাবস্থার প্রতিবাদে মঙ্গলবার সংসদ চত্বরে মিছিল করলেন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর সাংসদরা। একই সঙ্গে বিরোধী দল এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সংসদে আলোচনা এড়িয়ে বারবার অধিবেশন অচল করে দেওয়ার অভিযোগ তুলেছে শাসকপক্ষ।

বিক্ষোভে অংশ নেওয়া সাংসদদের অভিযোগ, ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এই ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা রাজনীতি করছে এবং সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এনডিএ নেতারা।

মঙ্গলবার সংসদ অধিবেশন চলাকালীন এনডিএ সাংসদদের সাপ্তাহিক বৈঠক হয়। বৈঠক শেষে হাতে ব্যানার নিয়ে সংসদের মকরদ্বারের দিকে মিছিল করে যান সাংসদরা। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ঝাড়খণ্ডে ছাত্রদের উপর অত্যাচারের জবাব দাও রাহুল গান্ধী’। পাশাপাশি তাঁরা স্লোগান দেন, ‘রাহুল গান্ধী আলোচনা করুন, পালিয়ে যাবেন না’।

বিজেপি সাংসদ তথা দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ঝাড়খণ্ডের ইস্যুতে রাহুল গান্ধীর উচিত রাজ্যের সরকারের উপর থেকে কংগ্রেসের সমর্থন প্রত্যাহার করা। ছাত্রদের উপর লাঠিচার্জের জন্য তাঁকেও জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তিনি।

সম্বিত পাত্রের আরও অভিযোগ, রাহুল গান্ধী বারবার ইস্যু পরিবর্তন করছেন। তাঁর দাবি, ছাত্রদের বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে সরকার প্রস্তুত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বক্তব্য রাখতে প্রস্তুত। কিন্তু রাহুল গান্ধী সংসদের কাজ চলতে দিতে চাইছেন না।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, অনশনরত দেবেন্দ্রনাথ মাহাতোর সঙ্গে কথিতভাবে মারধর করা হয়েছে। ঝাড়খণ্ডে দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিকের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, ছাত্রদের সঙ্গে ন্যায়বিচার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ছাত্রদের বিষয়টি নিয়ে কংগ্রেস ও রাহুল গান্ধী রাজনীতি করছেন এবং সংসদে আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানও বিরোধীদের বিরুদ্ধে সংসদের কাজ ব্যাহত করা এবং বারবার দাবি পরিবর্তনের অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, সরকার প্রতিটি বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বিরোধীরা ধারাবাহিকভাবে নিজেদের দাবি পরিবর্তন করে চলেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha