স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ নভেম্বর : দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে উড়ল একাধিক গাড়ি। আজই হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। তারপরই রাজধানীতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি।
দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কয়েক জন আহত হওয়ারও খবর মিলেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল সূত্রে খবর, এক জনের মৃত্যু হয়েছে। সঙ্কটজনক কয়েক জন। ফলে মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর।
দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়াবাড়িতে সোমবার হানা দেয় রিয়ানা এবং কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে। ফরিদাবাদের ঘটনার পর বিবৃতি দিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে জইশ জঙ্গিদের যোগ রয়েছে। এ ছাড়া, আনসার ঘাজ়ওয়াত-উল-হিন্দ নামের আর এক পাকিস্তানি গোষ্ঠীর খোঁজও মিলেছে। তার পরেই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা স্বভাবতই ভাবাচ্ছে তদন্তকারীদের।

