Thursday, November 26, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পাকিস্তানের মাটিতেই জেহাদি কর্মকাণ্ড, কবুল শীর্ষ জইশ কমান্ডারের, প্রকাশ্যে আইএসআই যোগ

পাকিস্তানের মাটিতেই জেহাদি কর্মকাণ্ড, কবুল শীর্ষ জইশ কমান্ডারের, প্রকাশ্যে আইএসআই যোগ

পাকিস্তানের মাটিতেই জেহাদি কর্মকাণ্ড, কবুল শীর্ষ জইশ কমান্ডারের, প্রকাশ্যে আইএসআই যোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৫ :  সীমান্ত বা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সন্ত্রাস চালানোর অভিযোগ পাকিস্তানের  বিরুদ্ধে আগেও করেছে নয়াদিল্লি। কিন্তু প্রতিবারই তারা তা খারিজ করেছে। চেয়েছে অকাট্য তথ্যপ্রমাণ। এমনকী সাম্প্রতিক ‘এসসিও সিভিলাইজেশনাল ডায়লগ’-এর দু’দিন আগেও ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে পাক পরিবেশ মন্ত্রী মুসাদিক মালিকও একই ‘ঢাক পিটিয়েছিলেন’। দাবি করেছিলেন প্রমাণ। এবার স্বয়ং পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই সেখানে জঙ্গি কর্মকাণ্ডের কথা কবুল করল জয়েশ-ই-মহম্মদ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। এমনকি জানাল, এই বিষয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সখ্যের কথাও। ক্যামেরার সামনে তাঁর সেই ‘স্বীকারোক্তি’ প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তেজনা বেড়েছে সীমান্তে। যদিও ইসলামাবাদের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


সম্প্রতি ইসলামাবাদে একটি উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যার নাম ছিল ‘পুঞ্চ আওয়ান’। পাকিস্তান-পন্থী রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠনগুলি ছিল যার উদ্যোক্তা। সেখানে বক্তব্য রাখে মাসুদ ইলিয়াস কাশ্মীরি (ওরফে আবু মহম্মদ)। মাসুদ জইশ-ই-মহম্মদের সিনিয়র কমান্ডার। ভারতে ইউএপিএ (অবৈধ কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন) আইনে তার নাম রয়েছে। এমনকি এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও সে অন্যতম। আবার ২০১৮ সালের সানজয়ান সেনাচৌকিতে হামলার মাস্টারমাইন্ডও সে। সেই মাসুদ ওই সম্মেলনে প্রকাশ্যে জানায়, পাক-মাটিতে জেহাদি পরিকাঠামোর সম্পর্কে। বলে, পাক রাওয়ালকোটে জঙ্গি ডেরার কথা, যা বর্তমানে সক্রিয়। একইসঙ্গে নাম করে পাক অধিকৃত কাশ্মীরের ধরমসল এলাকাস্থিত জইশ মার্কাজ কেন্দ্রটির কথাও। এই প্রসঙ্গেই তার মুখে উঠে আসে তাঁর সংগঠন এবং আইএসআই-এর যোগসূত্রের কথাও।


মাসুদ জানায়, তার সঙ্গে আইএসআই কর্তারা সরকারিভাবে বৈঠকে বসেছিল। এবং সেখানেই তাঁরা তার হাতে একটি ডোসিয়ের জমা দেয়, যেখানে ২২ জন জইশ ক্যাডারের নাম ছিল। যদিও তার দাবি, ওই ২২ জনের সকলে তাঁর সংগঠনের নয়। সম্মেলনে মাসুদ জানিয়েছে, তার সংগঠনের জঙ্গিরা সু-প্রশিক্ষিত এবং জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করে যে কোনও বড় নাশকতা ঘটাতে সক্ষম। তারা পিওকে-তে ছোটখাটো নাশকতার অংশ কখনওই ছিল না।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha