স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর :২৪০ মিমি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের উন্নত সংস্করণের গোলা পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ‘সবচেয়ে বিধ্বংসী’ আক্রমণাত্মক বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA)-র উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার উন্নত ২৪০ মিমি ক্যালিবারের নিয়ন্ত্রিত মাল্টিপল-লঞ্চ রকেট পরীক্ষা করা হয়।
উত্তর কোরিয়ার পাঁচ বছরের আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র বাহিনী আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে।
পরীক্ষার সঙ্গে যুক্ত সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, অধিক পাল্লার রকেট দক্ষিণ সীমান্তে অগ্নিশক্তির সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।
KCNA-র রিপোর্ট অনুযায়ী, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং-চন দক্ষিণ সীমান্তে অত্যন্ত বিধ্বংসী আক্রমণাত্মক বাহিনী কেন্দ্রীভূত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, নতুন রকেটে ‘autonomous pinpoint guide system’ রয়েছে এবং এগুলি ট্র্যাজেক্টরি ফ্লাইট মোডে ১০০ কিলোমিটার এবং সম্মিলিত গ্লাইড মোডে ১১৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার হলুদ সাগরের দিকে উত্তর কোরিয়ার একাধিক রকেট উৎক্ষেপণ তারা শনাক্ত করেছে এবং বিষয়টি বিশদে বিশ্লেষণ করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান