কাঠমান্ডু, ৮ আগস্ট (হি.স.): রান্নার গ্যাসের (এলপিজি) চরম সংকটের মাঝেই নিজের সরকারের কাজকর্মের জোরদার সমর্থনে সওয়াল করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
তিনি জানান, লোকসানে চলা এবং দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সরকারি শিল্প ও প্রতিষ্ঠানগুলিকে পুনরায় সচল করতে তাঁর সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী শাহ উল্লেখ করেন, তাঁর সরকার জাতীয় শিল্প খাতকে আরও বেশি প্রতিযোগিতামূলক ও উৎপাদনশীল করে তোলাকেই সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি 'নেপাল ড্রাগস লিমিটেড', 'হেটৌডা টেক্সটাইল ইন্ডাস্ট্রি', 'নেপাল এয়ারলাইন্স', 'ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন' (ডিডিসি) এবং 'সিংহদরবার বৈদ্যখানা'-য় হওয়া বিভিন্ন ইতিবাচক সংস্কারের কথা তুলে ধরেন।
শাহ-র দেওয়া তথ্য অনুযায়ী, 'গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস' প্রশংসাপত্র অর্জনের পর নেপাল ড্রাগস লিমিটেড গত চার মাসে ২৩.৮ কোটি নেপালি টাকার ওষুধ বিক্রি করেছে। তিনি দাবি করেন, সংস্থাটি গত অর্থবর্ষে ৩০ কোটি নেপালি টাকা মুনাফাও অর্জন করেছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা হেটৌডা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। একইভাবে নেপাল এয়ারলাইন্স গত অর্থবর্ষে ৬.২৭ আরব নেপালি টাকার রাজস্ব আয় করেছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন কৃষকদের বকেয়া মেটানোর পরিমাণ ৭২ কোটি টাকা থেকে কমিয়ে ৩৫ কোটি টাকায় নামিয়ে এনেছে। প্রতিষ্ঠানটির দৈনিক আয়ও প্রায় ৬০ লাখ টাকা থেকে বেড়ে ৯০ লাখ টাকায় পৌঁছেছে। তবে সাম্প্রতিক এলপিজি সংকটের বিষয়ে তিনি সরাসরি কোনো স্পষ্ট সদুত্তর দেননি। গ্যাসের ঘাটতির কারণে সাধারণ গ্রাহকদের রান্নার সিলিন্ডার পেতে মারাত্মক নাজেহাল হতে হচ্ছে।
নেপালের প্রতিনিধি সভায় শাসকদলের সাংসদ সহ একাধিক বিরোধী প্রতিনিধি যখন রান্নার গ্যাসের আকাল এবং সরকারের সার্বিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, ঠিক সেই আবহেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-র এই মন্তব্য সামনে এল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান