কোয়েটা/বলুচিস্তান, ৮ আগস্ট (হি.স.): পাকিস্তানের অশান্ত বলুচিস্তান প্রদেশে সশস্ত্র বিদ্রোহীরা একযোগে একাধিক স্থানে হামলা চালিয়েছে। নোশকি, ডালবানদিন, চাগাই, খারান এবং বোলানসহ বেশ কয়েকটি এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন যানবাহনকে নিশানা করে এই আক্রমণ চালানো হয়। এসব ঘটনায় হাফিজ আব্দুল রশিদ নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অধিকাংশ ঘটনার ক্ষেত্রে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।
অনলাইন সংবাদ নেটওয়ার্ক 'দ্য বলুচিস্তান পোস্ট'-এর সূত্র উদ্ধৃত করে জানা গিয়েছে, নোশকির সুলতান চরাইয়ের কাছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে ওঁৎ পেতে হামলা চালানো হয়। হামলাকারীরা স্বয়ংক্রিয় আধুনিক অস্ত্র ব্যবহার করে। এই হামলায় বেশ কয়েকজন জওয়ান হতাহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
ডালবানদিনের আশপাশেও দীর্ঘ সময় ধরে সংঘর্ষের খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোয়েটা-তাফতান বাণিজ্যিক রুটে নিরাপত্তা বাহিনী ও বাণিজ্যিক যানবাহনের কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে প্রবল গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অন্যদিকে, চেহাটার এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ির ওপর পৃথক হামলা চালানো হলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। একই সঙ্গে বারতাগজিতেও নিরাপত্তা বাহিনীকে নিশানা করার খবর পাওয়া গিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে চাগাই জেলায় কোয়েটা থেকে ডালবানদিনগামী একটি মালবাহী বাস থামায় সশস্ত্র যুবকেরা। হামলাকারীরা বাস এবং তার চালক ও কর্মীদের কোনও অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে আরও জানানো হয়েছে, চেহাটারের একটি বাজারে দাঁড়িয়ে থাকা একাধিক জ্বালানি ট্যাঙ্কার ও পণ্যবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে বহু গাড়ির টায়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাশাপাশি প্রতিবেশী খারান জেলায় আলবাট ও পটকিনের মধ্যবর্তী মূল জাতীয় সড়ক ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ করে রাখে সশস্ত্র দলগুলি। এই সময়ে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং রাস্তার দুই ধারে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। সড়ক দিয়ে যাতায়াতকারী বহু যানবাহনে তল্লাশিও চালায় হামলাকারীরা।
একই রাতে বলানের বালানারি জাতীয় সড়কে অবস্থিত ডোসা ক্রস পুলিশ চেকপোস্টে হামলা চালানো হয়। পুলিশ সূত্রের খবর, হামলাকারীরা চেকপোস্টটি দখল করে নেয় এবং সেখানে থাকা সমস্ত অস্ত্রশস্ত্র লুট করে চম্পট দেয়। এই আক্রমণেই পুলিশ কর্মকর্তা হাফিজ আব্দুল রশিদ প্রাণ হারান।
এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সশস্ত্র সংগঠন এই সমস্ত ধারাবাহিক হামলার দায় স্বীকার করেনি। তবে বলুচিস্তানের এই এলাকাগুলিতে একাধিক বলুচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন সক্রিয় রয়েছে, যারা অতীতেও পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং খনিজ পরিবহনকারী গাড়িগুলির ওপর ধারাবাহিক হামলার দায় স্বীকার করে এসেছে। ঘটনাগুলিকে কেন্দ্র করে পাকিস্তানি কর্তৃপক্ষের বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি ও হতাহতের পরিসংখ্যানের প্রতীক্ষা করা হচ্ছে।
বলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা, প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান