স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ নভেম্বর। প্রায় ২৫ বছর ধরে একটি স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগের শিকার হয়ে রয়েছেন গোমতী জেলার বগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিত্রা দেওয়ানবাড়ি এলাকার প্রায় ২০টি জনজাতি পরিবার। একটি ছোট ছড়ার উপর স্থায়ী সেতু না থাকায় প্রতিদিনই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর উপর নির্ভর করেই যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে ওই পরিবারগুলিকে।
এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, ছড়ার উপর তৈরি একটি অস্থায়ী বাঁশের সাঁকুই ওই পরিবারগুলির বহির্জগতের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা, সকলকেই প্রতিদিন এই সরু ও নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সামান্য অসাবধানতা কিংবা ভারসাম্য হারালেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। কারণ, সাঁকোটিতে নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই বললেই চলে।
এলাকার যুবক রাজেন্দ্র মালসুম তাঁদের দুর্দশার কথা তুলে ধরে জানান, দীর্ঘদিন ধরে তাঁদের সমস্যার প্রতি প্রশাসনের কোনও নজর নেই বলেই মনে হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচনের সময় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা এলাকায় আসেন এবং নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলেই তাঁদের সমস্যার কথা আর কেউ মনে রাখেন না।
তিনি আরও জানান, পিত্রা-নিত্যবাজার সড়ক দিয়ে প্রায়শই বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের যাতায়াত রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী ২০টি পরিবারের দুর্ভোগ দূর করতে আজ পর্যন্ত কোনও স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি।
স্থায়ী সেতু না থাকায় কৃষিকাজের উপর নির্ভরশীল পরিবারগুলির জীবিকাতেও ব্যাপক প্রভাব পড়ছে। রাজেন্দ্র মালসুমের কথায়, বাঁশের সাঁকো দিয়ে ধানের বস্তা পারাপার করা অত্যন্ত কষ্টসাধ্য। অনেক সময় কৃষিজাত সামগ্রী নিয়ে ছড়ার জলের মধ্য দিয়েই চলাচল করতে বাধ্য হন তাঁরা।
বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির কারণে ছড়ার জলস্তর বেড়ে গেলে প্রায়শই বাঁশের সাঁকোটি জলের তোড়ে ভেসে যায়। ফলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। সেই সময় জরুরি প্রয়োজনেও বাড়ি থেকে বাইরে যাওয়া কিংবা বাইরে থেকে বাড়ি ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
এলাকার কয়েকটি পরিবারের মোটরবাইক ও স্কুটার থাকলেও সেগুলি নিয়ে বাঁশের সাঁকো পার হওয়া সম্ভব নয়। ফলে অন্যের বাড়িতে যানবাহন রেখে ছড়া পেরিয়ে পায়ে হেঁটেই নিজেদের বাড়িতে পৌঁছাতে হয় তাঁদের।
শুধু যোগাযোগ ব্যবস্থার সমস্যাই নয়, নিরাপদ পানীয় জলের অভাবেও ভুগছেন ওই পরিবারগুলি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০টি পরিবারের জন্য পর্যাপ্ত পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। ফলে পান করা, রান্না করা এবং অন্যান্য গৃহস্থালির কাজে ছড়ার জলই ব্যবহার করতে হচ্ছে তাঁদের। অপরিশোধিত জল ব্যবহারের কারণে বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নিরাপদ পানীয় জল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের মৌলিক প্রয়োজন। অথচ দীর্ঘদিন ধরে আবেদন-নিবেদন করেও এই দুটি মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন তাঁরা।
এই অবস্থায় ক্ষুব্ধ ও অসহায় পরিবারগুলি অবিলম্বে রাজ্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তাঁদের দাবি, ছড়ার উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করতে হবে। প্রয়োজনে লোহার সেতু কিংবা উপযুক্ত অন্য কোনও স্থায়ী কাঠামো তৈরি করতে হবে। পাশাপাশি এলাকায় পর্যাপ্ত ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান