স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : শান্ত হওয়ার নাম নিচ্ছে না বাংলাদেশ! শুক্রবার রাতভর অশান্তির আগুন বিভিন্ন জেলায়। বাংলাদেশের নড়াইলের বিএনপির মোটর সাইকেল শোডাউনে হামলায় দুই নেতা নিহতের ঘটনার পর উত্তেজনা আরো কয়েকগুণ বেড়ে গেল। নড়াইল-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও প্রান্তন মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি সহ অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ জনতা বহু বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা মোটর সাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের বহরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এতে কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এছাড়াও শুক্রবারে কিছু বাড়িতে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান