Saturday, November 21, 2026
বাড়ি বিশ্ব সংবাদ পান্নুনকে খুনের ষড়যন্ত্র, নিখিল গুপ্তকে ১৯ বছরের সাজা মার্কিন আদালতের

পান্নুনকে খুনের ষড়যন্ত্র, নিখিল গুপ্তকে ১৯ বছরের সাজা মার্কিন আদালতের

পান্নুনকে খুনের ষড়যন্ত্র, নিখিল গুপ্তকে ১৯ বছরের সাজা মার্কিন আদালতের

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২১ :  খলিস্তানি নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে  দোষী সাব্যস্ত ভারতীয় নিখিল গুপ্তকে ১৯ বছরের সাজা শোনাল মার্কিন আদালত। শুক্রবার ৮০ মিনিটের শুনানির পরে আদালতের তরফে নিখিলকে ২৩৫ মাসের সাজা শোনানো হয়। যার অর্থ ১৯ বছর সাত মাস জেলে থাকতে হবে নিখিলকে।


প্রসঙ্গত, খলিস্তানি নেতা পান্নুনকে ২০২৩ সালে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে নিখিলের বিরুদ্ধে। তারপর ধরা পড়ে সে। ওই বছরেরই জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন তদন্তকারীরা নিখিলকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যান। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজের অপরাধ স্বীকার করে নিখিল। ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ওই আদালত। ফলে তার সাজা ঘোষণা ছিল স্রেফ সময়ের অপেক্ষা।


রায়দানের আগে নিউ ইয়র্কের আদালতে আমেরিকার জেলা আদালতের বিচারক ভিক্টর মারেরো-কে একটি চিঠি লিখেছিল নিখিল। সেখানে সে দাবি করেছেন, পান্নুনকে খুনের ছক তার একারই। সে লিখেছে- ‘মাথার ঠিক ছিল না আমার। এখন মনে হয়, যদি ২০২৩ সালে ফিরে যেতে পারতাম…যদি নিজের ভুলগুলো শুধরে নিতে পারতাম। এখন পিছনে ফিরে তাকালে নিজেকে চিনতে পারি না। ২০২৩ সালের গোড়ার দিকে আমাকে দেখে সকলের মনে হত, সব ঠিক আছে। কিন্তু ভিতরে, ভিতরে ভেঙে পড়েছিলাম।’


চিঠিতে সে দাবি করেছে, কীভাবে সেই সময় মদে আসক্ত হয়ে পড়েছিল। নিজের সঙ্গে নিজের লড়াই চলছিল তার। এমনকী হাজতবাসের গোড়ার দিকে সে এতটাই ভেঙে পড়েছিল যে একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও মাথায় এসেছিল তার। ভেবেছিল, আত্মহত্যা করবে। পরবর্তী সময়ে আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে সে। এদিকে নিখিলের আইনজীবীর আর্জি ছিল তাঁর মক্কেলকে বারো বছরের সাজা দেওয়া হোক। কিন্তু সাজা ঘোষণার সময় দেখা গেল সাজা দেওয়া হয়েছে ১৯ বছরেরও বেশি সময়ের।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha