Monday, October 5, 2026
বাড়ি রাজ্য রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হলো মথার কর্মীর

রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হলো মথার কর্মীর

রাজনৈতিক সন্ত্রাসে মৃত্যু হলো মথার কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর : তিপরা মথা এবং আই.পি.এফ.টি -র সংঘর্ষে মৃ ত্যু জিবি হাসপাতালে এক তিপরা মথার কর্মীর। দুপুরে ফের পরিস্থিতি উত্তপ্ত চাম্পাহাওরে। দুই দলের সংঘর্ষের সময় গুলতির আঘাতে আহত ডিএসপি অর্ঘ্যদ্বীপ লস্কর সহ একাধিক পুলিশ ও টি.এস.আর জওয়ান। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাম্পাহাওর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তুলাশিখর ব্লকের ভোট গণনার কেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে।

গণনাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এদিন সকালে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। একইভাবে চাম্পাহাওর চৌমুহনি বাজার সংলগ্ন বিভিন্ন রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয় বলে জানা যায়। পরে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে সেগুলি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে আইপিএফটি ও মথা কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। সকাল আনুমানিক নয়টার নাগাদ গণনাকেন্দ্রের সামনে থাকা আইপিএফটি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় মথার কর্মী মতিলাল সরকার গুরুতর আহত হয়। পুলিশ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। মাথায় গুরুতর আঘাত লাগে।

পরিবারের লোকজনের হাতে হস্তান্তর করে পুলিশ হাসপাতাল থেকে চলে আসে। পরবর্তী সময়ে জিবি হাসপাতালে রেফার করেন জেলা হাসপাতালে চিকিৎসকরা। জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে দুই দলের সংঘর্ষে কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কোন কিছু বলতে পারছেন না মৃত ব্যক্তির স্ত্রী। সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। এদিকে গণনা চলাকালীন সময় দুপুরের নাগাদ আবারও উত্তপ্ত হয়ে উঠে একই ঘটনাস্থল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়। পুলিশ ও টি এস আর-কে নিশানা করে গুলতি ছুড়ে দুর্বৃত্তরা। তখন গুলতির আঘাতে আহত হন ডিএসপি অর্ঘ্যদ্বীপ লস্কর সহ বেশ কয়েকজন পুলিশ ও টি এস আর কর্মী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha