ধর্মনগর
(ত্রিপুরা),
২৯ জুলাই
(হি.স.)
: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার নেতৃত্বে সাংগঠনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি,
বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা,
জনসংযোগ বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জেলার বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃবৃন্দ অংশ নেন এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল স্তর পর্যন্ত আরও সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,
কংগ্রেস সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি জানান,
বুথভিত্তিক সংগঠনকে সক্রিয় করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেস ভবিষ্যতেও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
তিনি সম্প্রতি ধর্মনগরে যুব কংগ্রেসের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। আশীষ কুমার সাহা বলেন,
গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মীদের ওপর হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিনের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে,
প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস কমিটির একাধিক পদাধিকারী ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান