স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৫ অক্টোবর : সুশাসন জামানায় একের পর এক কাণ্ডকারখানায় রাজ্যের সাধের জিবি হাসপাতাল কলঙ্কিত! শাক দিয়ে মাছ ঢাকতে ময়দানে নামলো তরুণ চিকিৎসকদের সংগঠন। জিবি হাসপাতালের ভেতর মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বলে হুলিয়া জারি করে ময়দানে নামল তারা। সম্প্রতি জিবি হাসপাতালের এক রেসিডেন্ট ডাক্তারের বিরুদ্ধে এক পুরুষ রোগীকে যৌন হেনস্তার অভিযোগ উঠে। সেই অভিযোগ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠে। তারপরই অভিযুক্ত ডাক্তারের হয়ে ময়দানে নামে রেসিডেন্ট ডাক্তার এসোসিয়েশন।
সোমবার জিবি হাসপাতালে তিন দফা দাবিতে কর্ম বিরতি করে ধর্নায় বসে রেসিডেন্ট ডাক্তাররা। ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা। রেসিডেন্ট ডাক্তারদের সাথে আলোচনায় বসেন তারা। উপস্থিত ছিলেন এজিএমসি-র অধ্যক্ষ, জিবি হাসপাতালের এমএস সহ অন্যান্যরা। আলোচনা শেষে স্বাস্থ্য দপ্তরের সচিব সাজু ওয়াহিদ জানান জিবি হাসপাতালের এক রেসিডেন্ট ডাক্তারের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এই
নিয়ে এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে ইতিমধ্যে থানায় নিয়ে আসা হয়েছে। সামাজিক মাধ্যমে ডাক্তার কিংবা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিথ্যা অভিযোগ ছড়ানো হলে, যে অভিযোগ ছড়াবে তার বিরুদ্ধে নির্ধারিত ধারায় মামলা দায়ের করা হবে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও সামাজিক মাধ্যম থেকে ডিলিট করে দিয়েছে সাইবার ক্রাইম বিভাগ। তিনি আরও জানান জিবি হাসপাতালে মোবাইল সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা যুক্তি সঙ্গত নয়। তবে মোবাইলের অপব্যবহার করা ঠিক নয়। এদিকে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এভাবে আন্দোলন না করা উচিত। আমি আছি তো! যেখানে যা বলার বলে দিয়েছি। যাকে তাকে ধরা যায় না। যার নির্দেশ দেওয়ার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মোবাইল ফোন নিষিদ্ধ নিয়ে বলেন, কর্তৃপক্ষ বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখা যাক, বিষয়টি বিবেচনা করা হবে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব ও পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে এইদিন কর্ম বিরতি ও ধর্না কর্মসূচি স্থগিত করে নেয় রেসিডেন্ট ডাক্তার এসোসিয়েশন। তবে তারা হুশিয়ারি দেয় তাদের দাবি পূরণ না হলে তারা পুনঃরায় আন্দোলনে নামবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান