Sunday, October 4, 2026
বাড়ি খেলা এশিয়াডে অনেক কম ভারতের পদক, কোথায় বাংলাদেশ-পাকিস্তান ?

এশিয়াডে অনেক কম ভারতের পদক, কোথায় বাংলাদেশ-পাকিস্তান ?

এশিয়াডে অনেক কম ভারতের পদক, কোথায় বাংলাদেশ-পাকিস্তান ?

স্যন্দন ডিজিটেল ডেস্ক,  অক্টোবর ৪ :  এশিয়ান গেমসে ভারতের অভিযান শেষ হল। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। কিন্তু প্রতিযোগিতার শেষে ক্রীড়াপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ রয়েই গেল। গতবার এশিয়ান গেমসে পদকের সেঞ্চুরি করেছিলেন অ্যাথলিটরা। কিন্তু এবার ভারতের পদক সংখ্যা আটকে গেল ৮৫তে। যেসমস্ত খেলা থেকে ভারত বছরের পর বছর পদক জিতে এসেছে, সেই ইভেন্টগুলি থেকে অ্যাথলিটরা ফিরেছেন খালি হাতে।


রবিবার দুপুরে সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবছরের এশিয়ান গেমস। ওই অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হবেন এশিয়াডে পদকের হ্যাটট্রিক করা নীরু ধান্ধা। ট্র্যাপ শুটিংয়ে দু’টি সোনা এবং একটি রুপো জিতেছেন তিনি। শেষ দিন ভারতের কোনও প্রতিযোগিতা নেই। পদক তালিকা বলছে, ভারতের অ্যাথলিটরা জিতেছেন ২১টি সোনার পদক। এছাড়াও ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মোট ৮৫টি পদক। কিন্তু গত এশিয়ান গেমসে ১০৬টি পদক এসেছিল ভারতের ঝুলিতে। ২৮টি সোনা এনেছিলেন অ্যাথলিটরা। অর্থাৎ চার বছরে পদকসংখ্যা অনেকটাই কমেছে।


যুদ্ধে জর্জরিত হয়েও ইরানের পারফরম্যান্স বেশ ভালো। গতবারের এশিয়ান গেমসে তারা ৫৪টি পদক জিতে সপ্তম স্থানে শেষ করেছিল। এবার যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মধ্যেও ইরানের অ্যাথলিটরা জিতে নিয়েছেন ৫২টি পদক। ১৯টি সোনা রয়েছে তার মধ্যে। পদক তালিকাতেও উন্নতি করে এবার তাদের স্থান ৬ নম্বরে। জ্যাভলিনে রুমেশ থরঙ্গার সোনাজয় সত্ত্বেও শ্রীলঙ্কার অবনতি হয়েছে পদক তালিকায়। এশিয়ান গেমসে এবার পাকিস্তান পেয়েছে ১০টি পদক, বাংলাদেশের ঝুলিতে সাকুল্যে একটা ব্রোঞ্জ। যথাক্রমে ২৯ এবং ৩৭তম স্থানে রয়েছে দুই দেশ।


গতবার এশিয়াডে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনা জিতেছিল ভারত। সোনা এসেছিল ঘোড়সওয়ারির মতো ইভেন্টেও। কিন্তু এবার সবচেয়ে হতাশ করেছে টেনিস-ব্যাডমিন্টন। টেনিসে সোনা তো দূর, একটা পদকও আসেনি। ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা চূড়ান্ত ব্যর্থ। সাকুল্যে একটা ব্রোঞ্জ এনেছেন শাটলাররা। স্কোয়াশে একাধিক পদক এলেও সোনা অধরা। তিরন্দাজি-অ্যাথলেটিক্সে ভালো পারফরম্যান্সে মুখরক্ষা হয়েছে ভারতের।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha