Saturday, November 21, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়ে চমক! ম্যারাথনে রেকর্ড নিউ ইয়র্কের মহিলার

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়ে চমক! ম্যারাথনে রেকর্ড নিউ ইয়র্কের মহিলার

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দৌড়ে চমক! ম্যারাথনে রেকর্ড নিউ ইয়র্কের মহিলার

স্যন্দন ডিজিটেল ডেস্ক  নভেম্বর ২১ :  ইচ্ছেশক্তি আর লক্ষ্য স্থির থাকলে কী না হয়? যে কোনও অসাধ্যই সাধন করতে পারেন মানুষ। সম্প্রতি একথা আরও একবার প্রমাণ করে দিলেন নিউ ইয়র্কের এক মহিলা। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিশ্বের অন্যতম দীর্ঘ ম্যারাথন শেষ করে নতুন রেকর্ড গড়লেন ৩৮ বছরের ডিয়েড্রা কিন! শুনে অবাক লাগলেও, এটাই খাঁটি সত্যি! স্ফীতোদর নিয়ে তাঁর সেই দৌড় হাঁ করে দেখলেন সকলে। শারীরিক প্রতিকূলতা কাটিয়ে সময়মতো দৌড় শেষ করায় তাঁকে আলাদা করে কুর্নিশ জানিয়েছেন আয়োজকরা। আর ডিয়েড্রা বলছেন, এটা নিজের ফিটনেসের পরীক্ষা ছিল তাঁর কাছে। তাতে পাশ করেছেন বলে নিজেই দারুণ খুশি ডিয়েড্রা। এ এক অনন্য নজিরই বটে!


নিউ ইয়র্কের ডিয়েড্রা কিন পেশায় একজন স্বাস্থ্যকর্মী। নার্সিংয়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাউন্সেলিংও করান। সেইসঙ্গে ফিটনেস বজায় রাখতে নানা সময়ে আন্তর্জাতিক স্তরে ম্যারাথনে যোগ দেন ডিয়েড্রা। চলতি বছর তিনি সাত সাতটি ম্যারাথনে অংশ নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখেছেন। তবে শেষটি তাঁর কাছে এবং ক্রীড়াজগতের কাছে একেবারে বিশেষ। নভেম্বরের গোড়ায় যখন নিউ ইয়র্ক সিটি ম্যারাথন শেষ করেন ডিয়েড্রা, তখন তিনি ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা! দৌড়ের পোশাক নীলচে বেগুনি স্পোর্টস ব্রা আর কালো শর্টসের মাঝে তাঁর স্ফীতোদর যত না নজর কেড়েছে, তার চেয়েও বেশি আকর্ষণীয় ছিল ওই অবস্থায় তাঁর টানা দৌড়। শুরু থেকে শেষ পর্যন্ত কখনও ডিয়েড্রার শরীরে কোথাও ক্লান্তি ফুটে ওঠেনি! বরং বরাবর হাসিমুখে তিনি আর পাঁচজন প্রতিযোগীর পাশেই নিজের গতি বজায় রেখে ছুটেছেন। ম্যারাথনের ফিনিশিং পয়েন্টে এসে নিজেই নিজের সাফল্যে খুশি হয়ে উঠতে দেখা যায় ডিয়েড্রাকে।


ডিয়েড্রার রেকর্ড এই প্রথম নয়। চলতি বছর এনিয়ে সাতটি ‘ওয়ার্ল্ড ম্যারাথন মেজর’ অর্থাৎ বিশ্বের দীর্ঘতম ম্যারাথনগুলিতে অংশ নিয়েছেন তিনি। টোকিও, বস্টন, লন্ডন, সিডনি, বার্লিন, শিকাগোয় দৌড় শেষ করে এবার নিউ ইয়র্ক সিটির ম্যারাথনে নজির গড়লেন আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ডিয়েড্রা। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি স্বীকার করেছেন, যা করেছেন, তা খুব একটা স্বাভাবিক নয়। তবু নিজের ফিটনেস পরীক্ষা করতে ঝুঁকি নিয়েছিলেন আর তাতে সফল হয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে। এও জানান, বিয়ের পর মোট ১১টি ম্যারাথনে অংশগ্রহণের জন্য চুক্তি সই করেছেন। এর মধ্যে বেশিরভাগটাই শেষ করে ফেলেছেন। বাকিগুলিও সম্পূর্ণ করে ফেলবেন চুক্তি অনুযায়ী। জানা যাচ্ছে, ডিয়েড্রার স্বামী ব্রায়ান তাঁকে সম্পূর্ণ সমর্থন করেছেন। আরও আনন্দের খবর, চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে জানিয়েছেন, গর্ভস্থ সন্তান সুস্থ আছে। মায়ের ফিটনেসই আপাতত তার ফিটনেস।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha