স্যন্দন ডিজিটেল ডেস্ক নভেম্বর ২১ : চাচা আপন চাচি পর, চাচির মেয়ে বিয়ে কর! প্রচলিত এই প্রবাদ সম্ভবত এবার আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার সময় এসে গিয়েছে। কারণ সর্বোচ্চ আদালত চাইছে, কেন্দ্র এবার আইন এনে ঘনিষ্ঠ আত্মীয়তা বা রক্তের সম্পর্ক থাকলে বিয়ে হওয়াটা বন্ধ করুক। এ সংক্রান্ত আইন আনার জন্য কেন্দ্রকে অনুপ্রেরণা দিচ্ছে শীর্ষ আদালত ।
আসলে চারভি এস নামের বেঙ্গালুরুর এক আইনের ছাত্রী রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আর্জি দায়ের করেছেন। তাঁর যুক্তি, এই ধরনের বিয়ে হলে ভবিষ্যৎ প্রজন্মের শিশুরা বিবিধ জিনগত সমস্যায় ভোগেন। এক্ষেত্রে জন্মগত বিকৃতি, ইন্দ্রিয়গত প্রতিবন্ধকতা, বিকাশজনিত অক্ষমতা, শিশুমৃত্যু এবং অপুষ্টিজনিত নানা সমস্যা তৈরি হতে পারে। বেঙ্গালুরুর ওই ছাত্রী নিজে রক্তের সম্পর্ক থাকা এক দম্পতির সন্তান এবং জন্মগতভাবে ৪০ শতাংশ দৃষ্টিশক্তিহীন। তাঁর প্রশ্ন, রক্তের সম্পর্কে বিয়ে বন্ধ করলেই এই সমস্যাগুলি এড়ানো যায়, তারপরও কেন এই দেশের বিচারব্যবস্থা এই ধরনের বিয়ের অনুমতি দেয়?
ওই মামলায় শীর্ষ আদালত জানায়, এভাবে আইন এনে ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের বিয়ে বন্ধ করা যায় কিনা সেটা সম্পূর্ণরূপে দেশের আইনসভার বিবেচ্য। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, এই ধরনের বিয়ে থামানোর বা নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। এটা নিয়ে আইন প্রণয়নের এক্তিয়ার সরকারের। তবে উপযুক্ত আইনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখার জন্য ভারত সরকারকে অনুপ্রাণিত করার লক্ষ্যে একটি নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলছে, “আমরা তাদের নির্দেশ দিতে পারি না। আমরা কেবল তাদের সংবেদনশীলভাবে বিষয়টি ভাবার জন্য অনুপ্রেরণা দিতে পারি।”
সুপ্রিম কোর্ট মনে করছে, এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। দরকারে স্কুলপাঠ্যে বা সচেতনতার প্রচারের মাধ্যমে নাগরিকদের সতর্ক করা যেতে পারে। তবে একই সঙ্গে শীর্ষ আদালত মেনে নিয়েছে, বিয়ে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়। সকলের উচিত জেনেবুঝে সিদ্ধান্ত নেওয়া।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান