স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৯ : রবিবার দিওয়ালির রাতে শব্দরাক্ষসের দাপটে কেঁপেছে গোটা দেশ। দিল্লিতে (Delhi) আতশবাজি প্রাণ কাড়ল ১০ বছরের এক বালকের। রাজধানীর নারেলা এলাকায় পরিবারের লোকেদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল ঋষি। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
একটি রকেটবাজিতে আগুন দিতেই বিপত্তি ঘটে যায়। সেটি আকাশমুখী উড়ানের বদলে তীব্র গতিতে ঋষির বুকে এসে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত বালককে তড়িঘড়ি নারেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঋষির দাদা মোহিত। তাঁর দাবি, ভাইয়ের চিকিৎসা নিয়ে উদাসীন মনোভাব দেখিয়েছেন উপস্থিত চিকিৎসকরা। তিনি বলেন, “জরুরি রোগীকে নিয়ে তৎপরতা ছিল না চিকিৎসকদের মধ্যে। তাঁরা ধীরেসুস্থে ভাইয়ের দিকে এগিয়ে আসেন এবং দুই-একবার বুকে চাপ দিয়েই কাজ শেষ করেন।”
পরে হাসপাতালে পৌঁছান ঋষির বাবা। সন্তানের মৃত্যুর কথা জেনেই জ্ঞান হারান তিনি। মোহিতের দাবি, ঋষিকে বাঁচানো যেত, চিকিৎসকদের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে মোহিত জানান, “ঋষি অন্য একটি আতশবাজি জ্বালাছিল, সেই সময় অন্য কারও জ্বালানো একটি রকেটবাজি এসে সরাসরি ওর বুকে আঘাত করে। এরপরেও শ্বাস নিচ্ছিল, আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার সঙ্গে ভালো আচরণ করা হয়নি।”
উল্লেখ্য, দিল্লি দমকল বিভাগ দীপাবলির দিন ২৫৭টি জরুরি কল পায়। এর মধ্যে ২১৪টি ছিল আগুন সংক্রান্ত। আগুন সংক্রান্ত মোট কলের মধ্যে ২৪টি ছিল আতশবাজি সম্পর্কিত। রাত ৮টা থেকে রাত ১০টার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (৮৫টি) জরুরি কল আসে। এছাড়া রাত ১০টা থেকে মধ্যরাতের মধ্যে আরও ৬১টি কল পায় দমকল বিভাগ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান