নয়াদিল্লি,
৯ নভেম্বর
(হি.স.)
:ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সোমবার এক গুরুত্বপূর্ণ টেলিফোন বার্তায় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফোনালাপে রাশিয়া-ইউক্রেন সামরিক সংঘাতের অবসান ঘটাতে এবং সংকটের স্থায়ী কূটনৈতিক সমাধান খুঁজতে ভারত সরকার যে সবরকম অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ,
সেই বার্তাই পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
কথোপকথনের বিস্তারিত বিবরণ নিজের অফিসিয়াল সামাজিক মাধ্যম
'এক্স'-এ শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,
"প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সার্বিক সহযোগিতার পর্যালোচনা করার পাশাপাশি ভারত-ইউক্রেন সম্পর্ককে আগামী দিনে আরও সুদৃঢ় করতে আমরা একমত হয়েছি। চলমান সামরিক সংঘাত,
এর মানবিক দিকগুলি এবং আন্তর্জাতিক স্তরে শান্তি পুনরুদ্ধারের বিভিন্ন উদ্যোগ নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংকটের একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের অভিমুখে যে কোনো উপায়ে অবদান রাখতে ভারত যে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তা আমি পুনরুচ্চারণ করেছি।"
টেলিফোনিক আলোচনার সময় প্রেসিডেন্ট জেলেনস্কিও প্রধানমন্ত্রী মোদীকে সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট মারাত্মক মানবিক সংকটের কথা বিস্তারিতভাবে অবগত করেন। ভারতের পক্ষ থেকে একটি ধারাবাহিক মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে,
এই জটিল ভূ-রাজনৈতিক সমস্যার সমাধান কেবল নিরবচ্ছিন্ন সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। এছাড়া উভয় রাষ্ট্রপ্রধানই একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা যখন নতুন করে জোরদার হচ্ছে,
ঠিক সেই সময় প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে এই ফোনালাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে আমেরিকা,
ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে এ বিষয়ে লাগাতার আলোচনা ও সামরিক অবস্থান নিয়ে মন্তব্য আদান-প্রদান চলছে।
উল্লেখযোগ্য বিষয় হলো,
ইউক্রেন যুদ্ধের সূচনা থেকেই ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও নিরপেক্ষ। ভারত বারবার বলে এসেছে যে,
সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না;
আলোচনার টেবিল ও কূটনৈতিক পন্থাই হলো বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ।
জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রীর, যুদ্ধ রুখতে শান্তি প্রক্রিয়ায় ভারতের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান