Saturday, October 10, 2026
বাড়ি বিশ্ব সংবাদ রাশিয়ায় প্লেগের থাবা, মৃত্যু দ্বিতীয় আক্রান্তের! বিভ্রান্তির মাঝেই মুখ খুলল মস্কো

রাশিয়ায় প্লেগের থাবা, মৃত্যু দ্বিতীয় আক্রান্তের! বিভ্রান্তির মাঝেই মুখ খুলল মস্কো

রাশিয়ায় প্লেগের থাবা, মৃত্যু দ্বিতীয় আক্রান্তের! বিভ্রান্তির মাঝেই মুখ খুলল মস্কো

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৮ অক্টোবর :  সাইবেরিয়ার ইরকুতস্কে এক তরুণী ল্যাবরেটরি কর্মীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। দাবি করা হচ্ছে, প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই মহামারীর আতঙ্ক ফিরেছে। এই আবহে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছিল, প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক ল্যাবরেটরি কর্মীর। বিভ্রান্তির মাঝে এবার মুখ খুলল মস্কো।


বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “প্লেগ নিয়ে সংবাদমাধ্যমে যে সমস্ত খবর প্রচার করা হচ্ছে, তার সিংহভাগই মিথ্যা।” তিনি আরও বলেন, “সন্দেহজনক সংক্রমণের ঘটনা সম্পর্কে জানতে রাশিয়ার স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সংস্থা রোসপোট্রেবনাডজোর-এর আনুষ্ঠানিক বিবৃতিগুলির উপরই নজর রাখা উচিত।”


সম্প্রতি রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ২৫ সেপ্টেম্বর  ইরকুতস্ক অ্যান্টি-প্লেগ ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় ভুলবশত প্লেগ ব্যাকটেরিয়া থাকা একটি টেস্টটিউব ভেঙে যায়। এরপরই অসুস্থ হয়ে পড়েন দারিয়া শিপিলোভা নামে ওই তরুণী। কর্তৃপক্ষের তরফে শিপিলোভার মৃত্যুকে ‘অত্যন্ত বিপজ্জনক সংক্রমণ’ বলে অভিহিত করা হয়। কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হয়, ‘নিউমোনিক প্লেগ’-এ আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। তবে রাশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিয়েছে, ওই ল্যাবরেটরির কর্মীদের মধ্যে কোনও সংক্রমণের অস্তিত্ব পাওয়া যায়নি। অসুস্থতার কারণ এখনও অজানা। শিপিলোভার মৃত্যুর পরই খবর ছড়ায়, ইরকুতস্কের ওই ল্যাবরেটরিরই আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। কিন্তু সেই খবর ‘ভুয়ো’ বলে জানিয়ে দিল মস্কো। গোটা ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha