Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য মাদক ও অপরাধ দমনে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

মাদক ও অপরাধ দমনে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

মাদক ও অপরাধ দমনে আরও কঠোর অভিযান চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট: রাজ্যে মাদক ও অপরাধ দমনে আরও কঠোর এবং সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত টাস্ক মনিটরিং সিস্টেম (টিএমএস)-এর বৈঠকে তিনি পুলিশ ও জেলা প্রশাসনকে নজরদারি, টহল এবং আইন প্রয়োগ আরও জোরদার করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। তিনি অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে নিয়মিত পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেন। বিশেষ করে স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় নজরদারি আরও শক্তিশালী করার কথা বলেন। প্রয়োজনে মাদক পাচার ও অপরাধ দমনে বিশেষ টাস্ক ফোর্স গঠনেরও পরামর্শ দেন তিনি।

জিবি হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেন, যাতে ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা যায়।

পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যে ছবিমুড়া, উনকোটি, ডম্বুর ও নীরমহলসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের ওপর জোর দেন তিনি। জেলা শাসকদের নিয়মিত পরিদর্শন ও তদারকি নিশ্চিত করার নির্দেশও দেন।

আগামী ৯ থেকে ১৭ আগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি এবং ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ১১ আগস্ট উজ্জয়ন্ত প্রাসাদে রাজ্যস্তরের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিন বৈঠকে জল জীবন মিশনের অগ্রগতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের প্রায় ৮৫ থেকে ৮৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সড়ক, বিদ্যুৎ, পানীয় জল, হাসপাতাল, গণবণ্টন ব্যবস্থা (পিডিএস), অঙ্গনওয়াড়ি কেন্দ্রসহ বিভিন্ন জনপরিষেবা নিয়েও পর্যালোচনা করেন।

সরকারি আধিকারিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের প্রতি আরও সংবেদনশীল হতে হবে, নাগরিকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha