স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষার
ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ জানতে বুধবার স্টেট গেস্ট হাউস ‘সোনারতরী’-তে
প্রথমবারের মতো ‘হায়ার এডুকেশন ডায়ালগ’ বা ‘উচ্চশিক্ষা সংলাপ’-এর আয়োজন করল উচ্চশিক্ষা
দপ্তর।
অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন এবং উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা। মন্ত্রী
বলেন, এই প্রথম শিক্ষার্থীদের সরাসরি সরকারের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়া হয়েছে,
যা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি জানান,
উচ্চশিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের
মূল লক্ষ্য। কলেজগুলিকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, উদ্ভাবন, দক্ষতা
বিকাশ এবং জাতি গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় শিক্ষার্থীদের
একাডেমিক মানোন্নয়ন, কর্মসংস্থানমুখী শিক্ষা সম্প্রসারণ, পরিকাঠামো ও প্রশাসনিক সমস্যার
সমাধান এবং কলেজগুলিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়ে মতামত দিতে উৎসাহিত
করা হয়। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে উচ্চশিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার
লক্ষ্য এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কৌশল নিয়েও
আলোচনা হয়।
মন্ত্রী জানান,
শিক্ষার্থীদের সুপারিশগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে ভবিষ্যতের নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত
করা হবে। পাশাপাশি শিক্ষক, শিক্ষাবিদ এবং অন্যান্য অংশীজনদের সঙ্গেও এ ধরনের আলোচনা
চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর মতে, এর মাধ্যমে ত্রিপুরাকে একটি
শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান