Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ; বকেয়া মজুরি পরিশোধ এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের কলাছড়া এলাকায় শ্রমিকরা অবরোধে বসেন। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, কলাছড়া এলাকায় ও.এন.জি.সি-র কাজে নিযুক্ত দেবী কোম্পানি দীর্ঘ কয়েক মাস ধরে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করছে না। পাশাপাশি নির্ধারিত মজুরি কমিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে শ্রমিকদের কাছ থেকে।

শ্রমিকদের দাবি, বিএমএস সংগঠনের মাধ্যমে বিষয়টি পরিচালিত হলেও তাদের ন্যায্য মজুরি এখনও মেলেনি। শ্রমিকদের আরও অভিযোগ, এর আগে দেবী কোম্পানি ও বিএমএস-এর পক্ষ থেকে ৫ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৮ অক্টোবর পর্যন্ত সেই পাওনা মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হন। অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, বিএমএস-এর নেতৃত্বে থাকা সঞ্জয় দেবনাথ বারবার টাকা দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে এখনও পাওনা মজুরি মেলেনি। ফলে দীর্ঘদিন ধরে হয়রানির পর বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। অন্যদিকে, শ্রমিক অবরোধের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ পথচারী ও যাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha