Sunday, February 8, 2026
বাড়িরাজ্যচাকমা ঘাটের বেদনা ছুঁয়ে গেল কাঞ্চনপুর, মিহিরের শোকার্ত মাতা পিতার পাশে ‘নীলজ্যোতি’...

চাকমা ঘাটের বেদনা ছুঁয়ে গেল কাঞ্চনপুর, মিহিরের শোকার্ত মাতা পিতার পাশে ‘নীলজ্যোতি’ পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ আগস্ট : সন্তান হারানোর শোক যে কতটা গভীর, তা ভাষায় বলা যায় না। তেলিয়ামুড়ার চাকমা ঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণ মিহির লাল দেবনাথের নিথর দেহ শুধু কাঞ্চনপুরে ফেরেনি, ফিরে এসেছে অজস্র অশ্রু, ফিরে এসেছে এক অপূর্ণতা, ফিরে এসেছে একটি পরিবারের নিঃসঙ্গতা।

এই হৃদয়বিদারক ঘটনার পর আজ কাঞ্চনপুরে মিহিরের বাড়িতে এসে উপস্থিত হন ‘নীলজ্যোতি ট্রাভেলস’-এর প্রায় এক ডজন পরিবহন কর্মী এবং ত্রিপুরা  ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সঙ্গে ছিলেন ট্রাভেলসের পরিচালক সঞ্জীব আচার্য। মিহির ছিল তাদেরই মত পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত একজন, বৃহত্তর পরিবহন সেবা পরিবারের অংশ। তাই আজ মৃতের মা-বাবার চোখের জলে নিজের হৃদয় ভিজিয়ে নিলেন সঞ্জীববাবু ও তাঁর সহযোদ্ধারা। বুক ভরে, কান্না চেপে তারা বললেন—আপনাদের এক সন্তানকে আমরা হারিয়েছি, কিন্তু শত শত সন্তান আপনাদের পাশে থাকবে।

এই কষ্টের মুহূর্তে ‘নীলজ্যোতি’ পরিবার শুধু সহানুভূতির শব্দ ছড়িয়ে দেয়নি, তুলে দিয়েছে সহমর্মিতার হাতও। মিহিরের শোকার্ত মা-বাবার হাতে প্রাথমিকভাবে ২১ হাজার টাকার সহায়তা তুলে দিয়েছেন তারা। আশ্বাস দিয়েছেন—এই সহানুভূতি একদিনের নয়, যেকোনো প্রয়োজনে তাঁরা পাশে থাকবেন।

এদিন পরিবহন সেক্টরের প্রতি একটি আবেগঘন বার্তাও দিয়েছেন নীলজ্যোতি কর্তা সঞ্জীব আচার্য। সমস্ত চালক ও কর্মীদের উদ্দেশ্যে তাঁর আবেদন—গাড়ির চাকা শুধু যাত্রী নয়, একটি পরিবারের স্বপ্ন বয়ে নিয়ে চলে। সতর্কতার একটুখানি অভাব কত মায়ের কোল খালি করে দেয়—তা যেন আমরা ভুলে না যাই।

তিনি আরও বলেন, চালকদের প্রতি সমাজের সহানুভূতি ও আন্তরিক সহযোগিতা থাকাটাও জরুরি। কারণ এরা শুধু চাকায় নয়, সমাজের ভার বইছে প্রতিনিয়ত।

চাকমা ঘাটের সেই দুর্ঘটনা হয়তো আরেকটি পরিসংখ্যান হয়ে যাবে সরকারি নথিতে, কিন্তু আজ কাঞ্চনপুরের মাটিতে মিহিরের নাম লেখা রইল এক অশ্রুসিক্ত ভালোবাসার ভাষ্যে—যেখানে সহকর্মীরা শুধু সহকর্মী ছিল না, হয়ে উঠেছিল পরিবারের চেয়েও বেশি কিছু।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য