স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট : শিক্ষকের দাবিতে আবারও উত্তাল কাঞ্চনপুরের লালজুড়ি এলাকা। দ্বিতীয় বারের মতো কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা।বুধবার সকাল ১০ টা থেকেই লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রীরা কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।
লালজুড়ি বিডিও অফিসের সামনে সড়ক অবরোধ করে তাদের দাবি উপস্থাপন করে। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিভাগের শিক্ষক নেই। এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। উল্লেখযোগ্য, নয় মাস আগেও একই দাবিতে একবার সড়ক অবরোধ হয়েছিল, কিন্তু শিক্ষক নিয়োগ হয়নি।
এদিনের অবরোধের ফলে ব্যস্ততম কাঞ্চনপুর- ধর্মনগর সড়কে যান চলাচল সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে পড়ে। সড়কের দুই পাশেই যানবাহনের দীর্ঘ লাইন লেগে চড়ম ভুগান্তিতে পড়েন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সাধারণ যাত্রী । এদিকে খবর পেয়ে অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুরের বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেববর্মা। তিনি ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ধর্মনগর থেকে এসে উপস্থিত হন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক পি রঞ্জন ত্রিপুরা। পরবর্তী সময় উনার লিখিত আশ্বাসে দুপুর ১ ঘটিকা নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

