স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুলাই : পহেলগাঁওয়ে হামলা চালানো টিআরএফকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা। ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত। শুক্রবার সকালে ভারতের বিদেশমন্ত্রকের তরফেব বিবৃতি জারি করে বলা হয়, সন্ত্রাসদমনে আমেরিকার সঙ্গে ভারতের গভীর সহযোগিতা রয়েছে। সেটারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। মার্কিন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।
২২ এপ্রিলের নরসংহারের পর দায় স্বীকার করে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’। কিন্তু কয়েকঘন্টার মধ্যেই তা প্রত্যাহারও করে নেয় টিআরএফ। তবে সন্ত্রাসবাদী হামলার পর প্রথমে টিআরএফের তরফে দায় স্বীকার করা ও পরে তা অস্বীকার করার নেপথ্যেও পাকিস্তানের হাত দেখছেন তদন্তকারীরা। এবং পুরোটাই হয়েছে পরিকল্পিত ছকে। তারপরে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিন্দাপ্রস্তাব প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই প্রস্তাবে সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের নাম উল্লেখ করা হয়নি। পাকিস্তান এবং চিনের আপত্তিতেই নিন্দাপ্রস্তাবে টিআরএফের নাম রাখা হয়নি, এমনটাই ধারণা ছিল কূটনৈতিক মহলের।

