স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুন : এবার চোরের দল হানা দিল ওয়ার্ড অফিসে। ঘটনা রাজধানীর আড়ালিয়া এলাকায় ২৭ নং ওয়ার্ড অফিসে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে ওয়ার্ড অফিসে হানা দেয়। সোমবার সকাল আটটার নাগাদ ওয়ার্ড অফিস খুলতে এসে দেখেন তালা ভাঙ্গা। খবর দেওয়া হয় ওয়ার্ড অফিসের সেক্রেটারি এবং কর্পোরেটারকে। তারা এসে দেখেন ওয়ার্ড অফিসে চুরির ঘটনা ঘটেছে।
খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে তদন্ত করছে বলে জানান ঘটনাস্থলে ছুটে যাওয়া আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি আরো বলেন এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা প্রথম ঘটেছে ওয়ার্ড অফিসে। চোরের দল হানা দিয়ে স্ক্যানার, কম্পিউটার মেশিন সহ নগদ টাকা নিয়ে গেছে। পুলিশের কাছে দাবি জানানো হয়েছে অবিলম্বে যাতে চোরের দলকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

