স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মে : রাজ্যে শিশু সহ নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতন ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানী আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। এই বিক্ষোভ মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল বেশি। মিছিলে ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্যা কৃষ্ণা রক্ষিত।
ছিলেন সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ আরো অনেকেই। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গত 8 এপ্রিল থেকে এখন পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিমাণে নারী নির্যাতন ধর্ষণ গণধর্ষণের ঘটনা ঘটেছে। সমতল এবং পাহাড়ি অঞ্চলে চিত্রটা একই রকম।
শিশু কন্যা ধর্ষণ, নির্যাতন, হত্যা শিশু বিক্রির মত ঘটনাও ঘটছে। গত একমাস ১০ দিনের মধ্যে বীভৎস ঘটনা ঘটেছে ১৩ থেকে ১৪ টি। অনেকে লোক লজ্জার ভয়ে পুলিশের কাছে যায় না। রাজনৈতিক নেতারা এই সমস্ত ঘটনাগুলো চাপা দিচ্ছে। অনেক ক্ষেত্রে মামলা হাতে নেওয়ার পরেও পুলিশ তৎপরতা দেখাচ্ছে না। এই সমস্ত বিষয়ের প্রতি প্রতিবাদ জানিয়েই এদিনকার এই বিক্ষোভ মিছিলের আয়োজন। এই আক্রমণ গোটা সমাজের উপর। এই সমস্ত বিষয়গুলো একটা চরম অবক্ষয়ের সমান। নয়া ফ্যাসিবাদী ফরমান এই রাজ্যে চলছে। যার কারণে এই দুরবস্থা। এর জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহা নির্দেশকের। এ ধরনের কার্যকলাপ অতিসত্বর বন্ধ করার জন্য পুলিশকে পুলিশের মত আচরণ করতে হবে বলে দাবি জানান পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস।

