স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকায় রেল লাইনে কাঁটা পড়ে মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয় বালুছড়া এলাকার অরুণ নমঃ দাস প্রায়ই মদমত্ত অবস্থায় থাকতো। অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় চন্দন দাসের বাড়িতে অবৈধভাবে চুলাই বাংলা মদের বিক্রি হয়।
আর সেখান থেকেই অরুণ নমঃ দাস সহ একাংশ যুবক প্রতিনিয়ত নেশা করত। বৃহস্পতিবারও যথারীতি প্রচন্ড মদমত্ত হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সামান্য কোন বিষয় নিয়ে বচসা হয় বলে জানান মৃত অরুনের বাবা। বৃহস্পতিবার রাত পৌনে বারোটা নাগাদ স্থানীয় রেল পুলিশের কাছে খবর আসে মাইগঙ্গা এলাকায় এক ব্যাক্তি রেলে কাঁটা পড়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

