ওয়াশিংটন, ১৬ জুলাই (হি.স.) : ইরানে আটক এক মার্কিন নারী নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ওই নারীকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছিল। বর্তমানে তিনি নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ইরান এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। তাঁর দাবি, আগের বাইডেন প্রশাসনের আমলে ওই নারীকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। এই পদক্ষেপকে তিনি ইরানের ‘সদিচ্ছার নিদর্শন’ বলে উল্লেখ করেন এবং এর জন্য তেহরানকে ধন্যবাদ জানান।
জানা গেছে , মুক্তি পাওয়া ওই নারীর নাম ডিনা কারারি। তাঁর আইনজীবী তথা আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ জ্যারেড জেনসার সামাজিক মাধ্যমে জানান, মিথ্যা অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ডিনা কারারিকে ইরানে আটকে রাখা হয়েছিল। তিনি এখন সম্পূর্ণ মুক্ত এবং যুক্তরাষ্ট্রে ফিরছেন। এ জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টারও প্রশংসা করেন জেনসার।
মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, গত মাস পর্যন্ত ইরানে আটক অন্তত ছয়জন মার্কিন নাগরিকের বিষয়ে নজরদারি চালাচ্ছিল ওয়াশিংটন। তাঁদের মধ্যে দু’জনকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘অন্যায়ভাবে আটক’ হিসেবে চিহ্নিত করেছে।

