মুম্বই, ৮ জুলাই (হি.স.): মুম্বইয়ের বিমানবন্দরের রানওয়েতে মঙ্গলবার রাতে একদম মুখোমুখি চলে আসে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি যাত্রিবাহী বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোলের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বিমান দুটি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরের রানওয়েতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান অবতরণ করেছিল। নিয়ম অনুযায়ী বিমানটির রানওয়ে খালি করে ট্যাক্সিওয়ের দিকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি তখনও রানওয়ে পুরোপুরি খালি করতে পারেনি। ঠিক সেই মুহূর্তেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার জন্য একই রানওয়ে ধরে গতি বাড়াতে শুরু করে এয়ার ইন্ডিয়ার আরেকটি যাত্রিবাহী বিমান। দুটি বিমানই একদম মুখোমুখি চলে আসায় পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। বিপদ টের পেয়েই সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে এয়ার ট্রাফিক কন্ট্রোল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারিকেরা দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটির উড়ান বন্ধ করেন। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নির্দেশ পাওয়ার পরই উড়ান প্রক্রিয়া বাতিল করা হয়। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই।

