স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা, স্মার্ট মিটার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, স্মার্ট মিটার চালুর মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁর দাবি, স্মার্ট মিটার সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনবিরোধীভাবে ব্যবহার করা হচ্ছে।তিনি বলেন, ধর্মনগর ও তেলিয়ামুড়া সহ বিভিন্ন এলাকায় সার্ভার সমস্যার কারণে বিদ্যুৎ গ্রাহকরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সার্ভারের ত্রুটির জন্য সাধারণ মানুষ কেন ভোগান্তির শিকার হবেন, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এছাড়া রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পরও মূল অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এসব ঘটনার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত থাকতে পারেন।সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার প্রকল্প বাতিল, বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং বিদ্যুৎ পরিষেবার উন্নয়নের দাবি পুনর্ব্যক্ত করে কংগ্রেস। পাশাপাশি রাম মন্দিরে প্রণামী বাক্সের অর্থ চুরির ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন প্রবীর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় এবং কংগ্রেসের কোষাধ্যক্ষ শ্যামল পাল।।

