স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : মঙ্গলবার মিলন সংঘ এলাকায় আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের নব নির্মিত বিল্ডিং-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে নবনির্মিত ওয়ার্ড অফিসের উদ্বোধন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পূর্বে আগরতলা পুর নিগমের ওয়ার্ড অফিস গুলি অপরিচ্ছন্ন অবস্থায় থাকত। ত্রিপল ইঞ্জিনের সরকারের সুবাদে পুর ও নগর পঞ্চায়েত গুলিতে অনেক পরিবর্তন এসেছে। সরকারের লক্ষ্য মানুষকে সঠিক ভাবে পরিষেবা প্রদান করা।
পুর ও নগর এলাকার বজ্য ব্যবস্থাপনা ও জল নিষ্কাশনের উপর কর্পোরেটরদের লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যেন সুবিধাভোগীরা সঠিক ভাবে পায় তা দেখাশুনা করা কর্পোরেটরদের দায়িত্ব। ওয়ার্ড অফিসের মাধ্যমে পুর এলাকার অনেক কাজ করা যায়। বর্তমানে বেশিরভাগ কাজ ওয়ার্ড অফিসের মাধ্যমে হয়ে থাকে। নাগরিকরা যে কোন অভিযোগ ওয়ার্ড অফিসে জানাতে পারে। ওয়ার্ড ভিত্তিক কাজ হলে পুর নিগমের উপর চাপ কমে যায় বলে জানান মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে ত্রিপুরা একটি ছোট রাজ্য। তারপরও ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করার লক্ষ্যে সরকার কাজ করে চলছে। এক্সটারনেল এইডেড ফান্ড ৪ হাজার কোটি টাকার বেশি ত্রিপুরা রাজ্য নিতে পারে না। তাই সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর উপস্থিতিতে শিলং-এ অনুষ্ঠিত হওয়া বৈঠকে এক্সটারনেল এইডেড ফান্ড ৪ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার কোটি টাকা করার দাবি জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের আপোষ করা যাবে না। গুনমান বজায় রেখে যে কোন কাজ করতে হবে। উদয়পুর, আগরতলা ও ধর্মনগরে তিনটি উপনগরী করা হচ্ছে। কারন রাজ্যের বর্তমান শহর গুলি জনবহুল হয়ে গেছে। তাই তিনটি উপনগরীর জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। সহসাই তার কাজ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এইদিন পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের নব নির্মিত ওয়ার্ড অফিসের উদ্বোধন করে ওয়ার্ড অফিসটি সরজমিনে ঘুরে দেখেন। সাথে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুঁটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা।অনুষ্ঠানে এলাকার সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

