স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : দুই বাড়িতে চোরের তাণ্ডব। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা যায়, বুধবার রাতে একই রাতে দুই বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকার রাবার শীট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। অভিযোগ, তেবাড়িয়া এলাকার বাসিন্দা অচল মনি বিশ্বাসের বাড়িতে গভীর রাতে চোরের দল প্রবেশ করে। বাড়ির মালিকের দাবি, প্রায় ৮০ হাজার টাকার রাবার শীট চুরি হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অচল মনি বিশ্বাস জানান, এর আগেও প্রায় দুই বছর আগে তাঁর বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার রাবার শীট চুরি হয়েছিল।
এবারও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি আরো বলেন, দু-তিন দিন পরেই অচল মনি বিশ্বাসের ছেলের বিয়ে। বাড়িতে চলছিল বিয়ের জোর প্রস্তুতি। সেই সুযোগকেই কাজে লাগিয়ে চোরের দল পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। শুধু অচল মনি বিশ্বাসের বাড়িই নয়, একই রাতে তাঁর ভাতিজার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সেখান থেকেও প্রায় ৩৫ থেকে ৩৮ হাজার টাকার রাবার শীট নিয়ে চম্পট দেয় চোরের দল। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও চোরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর দাবি, বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তাই অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।

