বাড়িরাজ্যস্বাস্থ্য কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি খুন

স্বাস্থ্য কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিবারের দাবি খুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জুন :ধর্মনগর মহকুমার ব্রজেন্দ্রনগর প্রাইমারি হেলথ সেন্টারের এক স্বাস্থ্য কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম হাসান আলী(৪৫)। তিনি দক্ষিণ কদমতলা এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিউটি শেষে নিজ মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন হাসান আলী। ব্রজেন্দ্রনগর প্রাইমারি হেলথ সেন্টার থেকে আনুমানিক ১০০ থেকে ১৫০ মিটার দূরে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁকে ব্রজেন্দ্র নগর প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ধর্মনগর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজা নাগ তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন এবং সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে এই মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে মৃতের মামা শামসুল উদ্দিন দাবি করেন, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তার অভিযোগ, মৃতদেহে দুর্ঘটনাজনিত স্বাভাবিক আঘাতের স্পষ্ট চিহ্ন নেই। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। এদিকে ঘটনার খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

 পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই ঘটনার আসল রহস্য সামনে আসবে। অন্যদিকে, হাসান আলীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মনগর জেলা হাসপাতালে ভিড় জমান পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা। তাঁদের কান্নায় হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।পুলিশের তদন্ত ও ময়না তদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে, এটি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য