স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ জুন : যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণ মহেশপুর কৈয়াটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তার সাত বছর বয়সী সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম উষা পাল এবং তার ছেলে অঙ্কিত পাল।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জুন তারা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে যাত্রাপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। জানা গেছে, উষা পালের স্বামী কর্মসূত্রে মুম্বাইয়ে অবস্থান করছেন। এছাড়া, নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি আনন্দনগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিখোঁজ মা ও সন্তানের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

