বাড়িরাজ্যনারী সংক্রান্ত অপরাধ বাড়ছে রাজ্যে : মহিলা কংগ্রেস

নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে রাজ্যে : মহিলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : রাজ্যে ৬৫-৭০ বছর বয়সী বয়স্ক নারীরাও ভয় ও নিরাপত্তাহীনতার আবহে জীবনযাপন করছেন। তাঁরা এখন আর নিজেদের বাড়িতে, কর্মস্থলে, এমনকি রাস্তায়ও নিরাপদ নয়। ধর্ষণ, গণধর্ষণ, যৌন নিপীড়ন, ধর্ষণের পর হত্যা এবং গার্হস্থ্য সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা এল হাওকিপ। তিনি বলেন, সরকারের তথ্য অনুযায়ী ২০২৫ সালে মোট ধর্ষণ হয়েছে ২০৬ টি, যৌন হয়রানি ১৯ টি, অপহরণ ১০৩ টি এবং জুয়া জনিত মৃত্যু ১৬৯ টি।

এবং গত মে মাসেই সাতটি ধর্ষণের ঘটনা, একটি যৌন নিপীড়নের ঘটনা এবং চল্লিশটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার প্রায় ৮০ শতাংশই নারী। জুন মাসেই ইতোমধ্যে সাতটি ধর্ষণের ঘটনা এবং একটি খুনের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে, গ্রীষ্মের ছুটির সময়, আনন্দনগরের রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে এক বিজেপি মহিলা নেত্রীর ছেলে অপহরণ করে নিয়ে যায়। তাকে দিনের আলোতে আট ঘণ্টারও বেশি সময় ধরে একটি স্কুল ভবনের ভেতরে বেআইনিভাবে আটকে রাখা হয়েছিল, যে সময়ে তাকে ধর্ষণ ও গুরুতর যৌন নিপীড়নের শিকার করা হয় বলে অভিযোগ। তাকে ছেড়ে দেওয়ার আগে হুমকি দেওয়া হয় যে, যদি সে এই ঘটনা কাউকে জানায়, তাহলে তাকে এবং তার বাবা-মাকে প্রানে মেরে ফেলবে। এর ঠিক দুদিন পরেই, কমলাসাগরে স্থানীয় বিজেপি গ্রাম প্রধানের স্বামী এক ভিন্নভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠে।

প্রায় একই সময়ে, আইজিএম হাসপাতালে প্রায় ষোল ঘণ্টা ভর্তি থাকার পর কোনো চিকিৎসা বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে এক গর্ভবতী মহিলা মর্মান্তিকভাবে মারা যান বলে অভিযোগ উঠেছে। এদিকে, কেলেঙ্কারিতে জর্জরিত শান্তিনিকেতন মেডিকেল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ও বহুল আলোচিত মনীষা দাসের মৃত্যুর ঘটনায়, বিজেপি-সমর্থিত মহিলা কমিশনের চেয়ারপার্সন ময়না তদন্ত সম্পন্ন হওয়ার আগেই তড়িঘড়ি করে ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করেন। আরও বিস্ময়কর ব্যাপার হলো, স্থানীয় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও প্রকাশ্যে একটি সাধারণ আত্মহত্যার ঘটনা বলে বর্ণনা করেছেন। এই ঘটনাগুলির বিরুদ্ধে আগামী দিন প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলন জারি রাখবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সর্বনী ঘোষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য