স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : রবিবার বিশ্রামগঞ্জে পন্যবাহী গাড়ি দুর্ঘটনায় আহত চারজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত মহিলার নাম কৃষ্ণা চন্দ্র নমঃ(৪৩)। বাকি আহতদের নাম রানা দেবনাথ(২২), আকাশ দেববর্মা(২২) এবং প্রদীপ দাস(৪৫)। ঘটনার পর স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র নমঃ -র অবস্থা গুরুতর দেখে জিবি হাসপাতালে রেফার করেন।
বাকি তিনজনকেও প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। উল্লেখ্য, বিশালগড় থেকে বিশ্রামগঞ্জ পর্যন্ত ট্রাফিক পরিষেবা ভেঙ্গে পড়েছে। সরকার জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে ট্রাফিক কর্মীদের হাতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি তুলে দিলেও সে গাড়ি কতটা কাজে লাগানো হয়, সেটাই বড় প্রশ্ন। অথচ ট্রাফিক কর্মীদের হাতে গাড়ি গুলি তুলে দেওয়ার পেছনে মূল উদ্দেশ্য হলো রাস্তা দিয়ে চলাচল করা গাড়ি গুলি গতি পরিমাণ করা সহ আরো একাধিক বিষয় যাতে চিহ্নিত করতে পারে। কিন্তু সেই গাড়ি ব্যবহার করে ট্রাফিক কর্মীরা কোন ধরনের সাফল্য এখন পর্যন্ত তুলে ধরতে পারেনি। এর পেছনে বড় গাফিলতি ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের।

