স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ জুন : ভারত-বাংলা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও কাঁটাতারের বেড়ার সংলগ্ন এলাকা পরিষ্কার রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিমপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। আগেও সংশ্লিষ্ট পরিবারগুলিকে নোটিশ জারি করা হয়েছিল। নোটিশে সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে সরকারী জমিতে গড়ে উঠা বাড়িঘর ও অন্যান্য স্থাপনা সরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের সেই নির্দেশ অমান্য করায় শনিবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জায়গা খালি করার অভিযান পরিচালনা করা হয়।
শনিবার দুপুর থেকেই এলাকায় প্রশাসনের একাধিক বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ, টিএসআর, সিআরপিএফ, মহকুমা শাসকের আধিকারিক, এবং ৪৯ ব্যাটালিয়ান বিএসএফের জওয়ানদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। প্রশাসনের তত্ত্বাবধানে সীমান্তের কাঁটাতারের বেড়ার সংলগ্ন এলাকায় থাকা বাড়িঘর ও অন্যান্য স্থাপনা সরিয়ে জায়গা পরিষ্কার করা হয়। জানা যায়, সীমান্ত নিরাপত্তার স্বার্থে এবং আন্তর্জাতিক সীমান্তের নির্ধারিত নিয়ম অনুযায়ী কাঁটাতারের বেড়ার আশেপাশের এলাকা ফাঁকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে আগেই এলাকাবাসীদের সতর্ক করা হয়েছিল এবং স্বেচ্ছায় জায়গা খালি করে দেওয়ার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করায় প্রশাসন বাধ্য হয়ে এই অভিযানে নামে। অভিযানে উপস্থিত ছিলেন ৪৯ ব্যাটালিয়ান বিএসএফের বক্সনগর বিওপির কোম্পানি কমান্ডেন্ট সুনীল সিং, জি-ব্রাঞ্চের ইন্সপেক্টর বিট্টু কুমার, কলমচৌড়া থানার এসআই রাম কিষান, এডিশনাল এসডিএম এবং ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
তাঁদের উপস্থিতিতে গোটা অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অভিযান চলাকালীন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগের পরিবেশ তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। প্রশাসনের দাবি, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা, কাঁটাতারের বেড়ার রক্ষণাবেক্ষণ এবং অবৈধ দখলমুক্ত এলাকা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় সরকারি নির্দেশ অমান্য করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, সীমান্ত নিরাপত্তার স্বার্থে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা বাধ্যতামূলক। সেই নিয়ম কার্যকর করতেই প্রশাসন ও বিএসএফের যৌথ উদ্যোগে এই জায়গা খালি করার অভিযান পরিচালিত হয়েছে।

