স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে শীঘ্রই রাজ্যজুড়ে আন্দোলনে নামার ঘোষণা দিল প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা। তিনি বলেন, শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সমস্ত সরকারি ও সরকার অনুমোদিত বিদ্যালয়ে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে।
পাশাপাশি এসব স্কুলে নেওয়া বিভিন্ন ধরনের ফি আদায় বন্ধ করার দাবি জানান তিনি।নীলকমল সাহা আরও বলেন, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুবসমাজের মধ্যে নেশার প্রসার উদ্বেগজনক। নেশা বিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারকে উদ্যোগী হতে হবে। কারণ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার সময় ৫০,০০০ চাকরি বছরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
অথচ সেই প্রতিশ্রুতি পালন না করে তথাকথিত বিকশিত ত্রিপুরার মডেলের প্রচার করছে দেশের অন্যান্য রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের কথা সঙ্গে মুখ্যমন্ত্রীর কথার কোন মিল নেই। এতে বুঝা যায় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ২০২৬ সালের নীতি আয়োগ অনুযায়ী যে তথ্য সামনে এসেছে তাতে জানা যায় ৩৪০ টি বিদ্যালয়ে শুধুমাত্র একজন শিক্ষক। অথচ এই বিদ্যালয়গুলির মধ্যে সাড়ে ছয় হাজারের অধিক ছাত্র-ছাত্রী রয়েছে। নীতি আয়োগের তথ্য অনুযায়ী আজকের দিনে ৮ হাজারের অধিক শিক্ষকের প্রয়োজন। কিন্তু সরকার পূরণ করছে না। এই দাবিগুলির ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যজুড়ে গণ আন্দোলন শুরু করা হবে বলে জানান। সাংবাদিক সম্মেলনে এদিন যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস মুখপাত্র।

